ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

গোল উৎসবে শেষ হলো আটালান্টা বনাম মেসির ইন্টার মায়ামির ম্যাচ

মুস্তাকিম
মুস্তাকিম

সিনিয়র রিপোর্টার

২০২৫ অক্টোবর ১২ ০৯:৫২:৫৮

গোল উৎসবে শেষ হলো আটালান্টা বনাম মেসির ইন্টার মায়ামির ম্যাচ

বার্সেলোনার পুরনো জুটি আবারও দেখাল তাদের জাদু! লিওনেল মেসি, জর্দি আলবা ও লুইস সুয়ারেজের দুর্দান্ত পারফরম্যান্সে ইন্টার মায়ামি ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আটালান্টা ইউনাইটেডকে।

রোববার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে মায়ামির ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই গোলের সূচনা করেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বিরতির পর তার সতীর্থ জর্দি আলবা ও লুইস সুয়ারেজ একে একে গোল করে ব্যবধান বাড়ান। শেষ দিকে আবারও গোল করেন মেসি, তাতেই নিশ্চিত হয় ফ্লোরিডার ক্লাবটির বড় জয়।

ম্যাচের ৩৯তম মিনিটে প্রথম গোল করেন মেসি এবং ৮৭তম মিনিটে দ্বিতীয়বার জালের দেখা পান তিনি। দুই গোলের পাশাপাশি দারুণ অ্যাসিস্ট করেন আলবার উদ্দেশ্যে, যিনি ৫২তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন। সপ্তাহের শুরুতেই অবসরের ঘোষণা দেওয়া আলবা যেন আবারও ফিরিয়ে আনলেন তার বার্সেলোনা সময়ের ছোঁয়া।

এরপর ৬৭তম মিনিটে দুর্দান্ত এক দূরপাল্লার শটে গোল করেন উরুগুয়ের ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। তিন সাবেক বার্সেলোনা তারকার এই সমন্বয়ে যেন আবারও দেখা মিললো ক্যাম্প ন্যুয়ের পুরনো স্মৃতির।

এই জয়ে মেজর লিগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে ওঠার সম্ভাবনা আরও জোরালো হয়েছে মায়ামির। বর্তমানে তাদের ৩৩ ম্যাচে ৬২ পয়েন্ট, যা দ্বিতীয় স্থানে থাকা সিনসিনাটি এফসির সমান। তবে গোল ব্যবধানে কিছুটা পিছিয়ে আছে মায়ামি।

আগামী ১৯ অক্টোবর ন্যাশভিল এসসির বিপক্ষে মাঠে নামবে মেসির দল। সেই ম্যাচেই নির্ধারিত হবে শুধু তাদের অবস্থানই নয়, বরং মেসির গোল্ডেন বুট জয়ের ভাগ্যও।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত