ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

“ক্রিকেট উন্নয়নের প্রেমে পড়ে গেছি” বিসিবি সভাপতি বুলবুল

২০২৫ অক্টোবর ০৭ ০৮:১৮:০৫

“ক্রিকেট উন্নয়নের প্রেমে পড়ে গেছি” বিসিবি সভাপতি বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেলেন দেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। সোমবার অনুষ্ঠিত বিসিবি পরিচালনা পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন তিনি।

গত মে মাসে প্রথমবারের মতো দায়িত্ব নেওয়ার সময় বুলবুল বলেছিলেন— “একটি কুইক টি-টোয়েন্টি ইনিংস খেলতে চাই।” কিন্তু এবার চার বছরের জন্য পূর্ণ মেয়াদে দায়িত্ব পেয়ে বললেন, এখন তিনি “একটি টেস্ট ইনিংস” খেলতে নামছেন।

রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এরপর সন্ধ্যায় ঘোষিত ফলাফলে ২৫ জন পরিচালক নির্বাচিত হন। তাদের ভোটেই সভাপতি পদে পুনর্নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। সহ-সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন।

নির্বাচন শেষে নতুন পরিচালনা পরিষদ প্রথম সাধারণ সভায় মিলিত হন এবং আফগানিস্তানের বিপক্ষে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের সাফল্য উদযাপন করতে কেক কাটেন।

পরে সংবাদ সম্মেলনে বুলবুল বলেন,

“এটা একটা জার্নির অংশ। বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়ে গিয়েছি। ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামের মাধ্যমে ছোট ছোট কাজ শুরু করে সাফল্য দেখার পর আমি বুঝেছি— ক্রিকেট উন্নয়নই এখন আমার আসল লক্ষ্য।”

আইসিসির ডেভেলপমেন্ট বিভাগে দীর্ঘদিন কাজ করার পর তিনি এখন সম্পূর্ণ মনোযোগ দিচ্ছেন দেশের ক্রিকেটে। এ বিষয়ে বুলবুল বলেন,

“বিসিবি সভাপতির পদ সবসময়ই অনারারি। আমি সেটাই মেনে নিচ্ছি। এখন শুধু চাই বাংলাদেশ ক্রিকেটকে আরও এগিয়ে নিতে কাজ করতে।”

আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নতুন পরিচালনা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ