ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সৌদি যেতে আগহীদের জন্য দারুন সুখবর : কর্মী নিয়োগের চুক্তি স্বাক্ষর

২০২৫ অক্টোবর ০৬ ১৭:০২:৩৮

সৌদি যেতে আগহীদের জন্য দারুন সুখবর : কর্মী নিয়োগের চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সৌদি রাজধানী রিয়াদে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং সৌদি আরবের পক্ষে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সোলাইমান আল-রাজী চুক্তিতে স্বাক্ষর করেন।

রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হলো।

১৯৭৬ সাল থেকেই সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার হিসেবে পরিচিত। তবে এতদিন পর্যন্ত কর্মী নিয়োগ চললেও কোনো আনুষ্ঠানিক চুক্তি ছিল না।

এর আগে ২০১৫ সালে গৃহকর্মী নিয়োগ এবং ২০২২ সালে দক্ষতা যাচাই সংক্রান্ত দুটি পৃথক চুক্তি স্বাক্ষর হয়। নতুন এ চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে সৌদি আরবে বিভিন্ন পেশার দক্ষ কর্মী নিয়োগ আরও বাড়বে, এবং কর্মী ও নিয়োগকর্তা উভয়ের অধিকার ও স্বার্থ সুরক্ষিত থাকবে বলে আশা করা হচ্ছে।

চুক্তি স্বাক্ষরের আগে সৌদি মন্ত্রী ও বাংলাদেশের উপদেষ্টার মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপদেষ্টা ড. আসিফ নজরুল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন—

সৌদি আরবে কর্মসংস্থানের চুক্তি যেন সঠিকভাবে বাস্তবায়িত হয়,

ইকামা নবায়নের দায়িত্ব যেন নিয়োগকর্তা পালন করে,

দেশে ফেরার ইচ্ছুক কর্মীরা যেন স্বল্প সময়ের মধ্যে এক্সিট ভিসা পায়।

এ বিষয়ে সৌদি মন্ত্রী তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে নির্দেশ দেন এবং বাংলাদেশকেও নিরাপদ ও সুষ্ঠু অভিবাসন নিশ্চিত করতে ভূমিকা রাখার আহ্বান জানান।

বৈঠকে দুই দেশের মধ্যে দক্ষ কর্মী নিয়োগ, প্রশিক্ষণ ও প্রবাসী কল্যাণে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়েও আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন, মিশন উপপ্রধান এসএম নাজমুল হাসান এবং শ্রম কাউন্সেলর মুহাম্মাদ রেজায়ে রাব্বী, পাশাপাশি দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা।

এই চুক্তির মাধ্যমে সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগের দ্বার উন্মোচিত হলো—যা উভয় দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত