ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মাত্র ১৩ বলেই খেলা শেষ, হতবাক ক্রিকেটবিশ্ব

২০২৫ অক্টোবর ০৩ ১৭:২৭:০৬

মাত্র ১৩ বলেই খেলা শেষ, হতবাক ক্রিকেটবিশ্ব

মাউন্ট মাঙ্গানুইতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলাই হলো মাত্র ১৩ বল। টানা বৃষ্টির কারণে একাধিকবার খেলা বন্ধ হয়ে শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। ফলে চ্যাপেল-হ্যাডলি ট্রফি অস্ট্রেলিয়ার দখলেই রইল।

এর আগে ২০২৩-২৪ মৌসুমে অজিরাই ৩-০ ব্যবধানে জিতেছিল এই মর্যাদার ট্রফি। নিয়ম অনুযায়ী, সিরিজ সমতায় শেষ হলেও ট্রফি সফরকারী দলের কাছেই থাকে। তাই আগামীকাল সিরিজের শেষ ম্যাচ জিতলেও কিউইরা শুধু ১-১ সমতায় সিরিজ শেষ করতে পারবে, কিন্তু ট্রফি তাদের হাতে উঠবে না।

প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। আজ জিতলেই সমতায় ফেরার সুযোগ ছিল কিউইদের। কিন্তু বৃষ্টির কারণে তা আর সম্ভব হয়নি।

সারা দিনের টানা বৃষ্টির পর আবহাওয়া কিছুটা উন্নতি হলে প্রথমে ম্যাচ ১৮ ওভারে নামিয়ে আনা হয়। নিউজিল্যান্ড অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠান। কিন্তু আবারও বৃষ্টি শুরু হলে ওভার কমিয়ে আনা হয় ৯-এ। তবে ব্যাটিংয়ে নেমে মাত্র ২.১ ওভার খেলে ১৬ রান সংগ্রহ করে ১ উইকেট হারানোর পর ফের নেমে আসে বৃষ্টি। এরপর আর মাঠে গড়ায়নি বল।

এদিকে আজকের ম্যাচ দিয়ে রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের ইশ সোধি। তিনি কিউইদের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কীর্তি গড়েছেন। ২০১৪ সালে অভিষেক হওয়া এই লেগ স্পিনার আজ নিজের ১২৭তম ম্যাচ খেলতে নেমেছেন, যেখানে টপকে গেছেন টিম সাউদির ১২৬ ম্যাচের রেকর্ড।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ