ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ভারত-পাকিস্তান ফাইনাল: নিয়ম ভাঙলেই জেল ও লাখ টাকা জরিমানা

২০২৫ সেপ্টেম্বর ২৮ ১২:৫৭:২৪

ভারত-পাকিস্তান ফাইনাল: নিয়ম ভাঙলেই জেল ও লাখ টাকা জরিমানা

এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই হাইভোল্টেজ ম্যাচ। গ্যালারির ২৮ হাজার আসনের সব টিকিট বিক্রি হয়ে যাওয়ায় সমর্থকদের উত্তেজনা তুঙ্গে।

নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই লড়াই ঘিরে দুবাই সরকার নিয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। মাঠের ভেতর-বাইরে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ ইউনিট। অনিয়ম বা সহিংস আচরণের ক্ষেত্রে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

দর্শকদের জন্য বিশেষ নির্দেশনা

দর্শকদের খেলা শুরু হওয়ার অন্তত তিন ঘণ্টা আগে স্টেডিয়ামে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। একবার প্রবেশ করলে পুনরায় প্রবেশের সুযোগ থাকবে না। নিষিদ্ধ তালিকায় রয়েছে আতশবাজি, ফ্লেয়ার, লেজার পয়েন্টার, ধারালো বস্তু, অস্ত্র, বিষাক্ত পদার্থ, সেলফি স্টিক, বড় ছাতা, অনুমোদনহীন ব্যানার বা পতাকা, কাঁচের বোতল, পোষা প্রাণী, সাইকেল, স্কেটবোর্ডসহ যেকোনো উসকানিমূলক সামগ্রী।

আইন ভাঙলে কঠোর শাস্তি

সংযুক্ত আরব আমিরাতের স্পোর্টস ইভেন্ট সিকিউরিটি আইনে বলা হয়েছে, মাঠে অনধিকার প্রবেশ বা নিষিদ্ধ বস্তু বহনের শাস্তি ১ থেকে ৩ মাসের কারাদণ্ড এবং ৫ হাজার থেকে ৩০ হাজার দিরহাম জরিমানা। সহিংসতা, বস্তু নিক্ষেপ বা বর্ণবাদী মন্তব্যে ১০ হাজার থেকে ৩০ হাজার দিরহাম জরিমানা এবং কারাদণ্ড হতে পারে—যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ লাখ টাকা পর্যন্ত দাঁড়ায়।

স্টেডিয়ামের প্রতিটি কোণায় সিসি ক্যামেরা নজরদারি এবং বিশেষ বাহিনীর টহল থাকবে, যাতে কোনো ধরনের অরাজকতা ঘটার আগেই ব্যবস্থা নেওয়া যায়।

ভারত-পাকিস্তান ফাইনালের লড়াই

এবারের টুর্নামেন্টে ভারত অপরাজিত থেকে ফাইনালে উঠেছে। পাকিস্তান গ্রুপ পর্ব ও সুপার ফোরে কেবল ভারতের বিপক্ষে হেরেছে, তবে বাকি ম্যাচ জিতে জায়গা করে নিয়েছে শিরোপা লড়াইয়ে। ভারত এর আগে ৮ বার আর পাকিস্তান ২ বার এশিয়া কাপ জিতেছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ