ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বিস্ফোরক অভিযোগ বাসিত আলীর

২০২৫ সেপ্টেম্বর ২৬ ১০:৩৩:০৬

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বিস্ফোরক অভিযোগ বাসিত আলীর

এশিয়া কাপকে ঘিরে আয়োজক ও সম্প্রচারকদের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক ব্যাটার বাসিত আলী। তার দাবি, টুর্নামেন্টে আসল লক্ষ্য ক্রিকেট নয়, বরং ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে তৈরি হওয়া কোটি কোটি টাকার ব্যবসা। আর তাই তিনি বিদ্রুপ করে এশিয়া কাপের নতুন নাম দিয়েছেন — “ব্রডকাস্টার কাপ”।

বাসিত বলেন, “আমি আগেই বলেছিলাম, তিনটা ভারত-পাকিস্তান ম্যাচ হবেই। আয়োজকরা সূচি এমনভাবে বানিয়েছে যাতে অন্তত তিনবার মুখোমুখি হয় দুই দল। স্পনসর, টিভি দর্শক আর সম্প্রচারকারীদের জন্যই এটা করা হয়েছে।”

ভারত-পাকিস্তান ম্যাচে সবসময়ই টিভি দর্শকসংখ্যা রেকর্ড ছাড়ায়, টিকিট বাজার গরম থাকে, আর বিজ্ঞাপনদাতারা ঢেলে দেয় বিপুল অর্থ। ঠিক এই কারণেই, বাসিতের অভিযোগ— এশিয়া কাপে প্রতিযোগিতার চেয়ে আয়োজকরা বেশি গুরুত্ব দিয়েছে বাণিজ্যিক লাভকে।

তিনি আরও ইঙ্গিত দেন, আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই ধরনের পরিকল্পনা থাকতে পারে। তার ভাষায়, “এই বিশ্বকাপেও আয়োজকেরা চাইবে ভারত-পাকিস্তান ফাইনাল হোক। কারণ ব্যবসার দিক থেকে এটিই তাদের সবচেয়ে বড় হাতিয়ার।”

বাসিত আলীর এই মন্তব্য আবারও সামনে নিয়ে এসেছে ক্রিকেটের বাণিজ্যিকীকরণের বিতর্ক। তবে বাস্তবতা হলো, ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে আবেগ আর বাজারমূল্য এতটাই বেশি যে ক্রিকেটবিশ্বে একে ‘এল ক্লাসিকো’ বলা হয়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ