ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হঠাৎ কী হয়ে গেলো মিরাজের

২০২৫ সেপ্টেম্বর ১৩ ১৩:১৩:২১

হঠাৎ কী হয়ে গেলো মিরাজের

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আসন্ন টি-টোয়েন্টি আসরে শুরুর মাত্র দেড় দিন আগে খুলনার স্কোয়াডে বড় পরিবর্তন এসেছে। অভিজ্ঞ অলরাউন্ডার ও জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে মূল দল থেকে সরিয়ে স্ট্যান্ডবাই তালিকায় পাঠানো হয়েছে। অন্যদিকে স্ট্যান্ডবাই থেকে মূল দলে সুযোগ পেয়েছেন ঢাকা মেট্রোর তরুণ ব্যাটার আইচ মোল্লা।

মিরাজ দীর্ঘদিন ধরেই এনসিএলের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সবাই ধরে নিয়েছিলেন, টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকেই তিনি মাঠে নামবেন। এমনকি খুলনার প্রাথমিক স্কোয়াডেও তার নাম ছিল। কিন্তু হঠাৎ করেই তাকে মূল দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ব্যক্তিগত কারণে প্রথম দুই ম্যাচ খেলবেন না মিরাজ। তিনি আগামী ১৮ সেপ্টেম্বর থেকে দলে যোগ দেবেন।

কোচ ও নির্বাচকের ব্যাখ্যা

খুলনার প্রধান কোচ তুষার ইমরান টি স্পোর্টসকে জানান:

“মিরাজ কিছু দিনের ছুটি নিয়েছে। প্রথম দুই ম্যাচ খেলবে না। সম্প্রতি সে বাবা হয়েছে, তাই পরিবারের সঙ্গে সময় কাটাতে চেয়েছে। এরপরই দলে যোগ দেবে।”

গত ৪ সেপ্টেম্বর দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন মিরাজ। এজন্য জাতীয় দল থেকেও ছুটি নিয়েছিলেন এবং নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপ মিস করেছেন। দেশে থেকে বোলিং নিয়ে কাজ করেছেন তিনি, বিশেষভাবে এনসিএলের জন্য প্রস্তুতি নিয়েছেন।

মিরাজ না থাকায় খুলনার মূল স্কোয়াডে ঢুকে গেছেন পেসার রবিউল হক। রংপুর থেকে আসা এই পেসার শুরুতে ছিলেন স্ট্যান্ডবাই তালিকায়।

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, মিরাজ ফিরলেও রবিউলকে স্কোয়াডে রাখার সম্ভাবনা আছে।

“রবিউলকে মূল দলে নেওয়ার পরিকল্পনা আগেই ছিল। মিরাজ ছুটি নেওয়ায় বিষয়টি সহজ হলো। মিরাজ ফেরার পর কাকে বাদ দেওয়া হবে, সেটা প্রথম দুই ম্যাচ শেষে ঠিক করা হবে।”

ঢাকা মেট্রোর দলে পরিবর্তন

অন্যদিকে সমালোচনার মুখে থাকা আইচ মোল্লা অবশেষে সুযোগ পেয়েছেন ঢাকা মেট্রোর মূল স্কোয়াডে। ২৩ বছর বয়সী এই প্রতিভাবান ব্যাটারকে দলে জায়গা দিতে বাদ পড়েছেন অভিজ্ঞ মার্শাল আইয়ুব।

ম্যাচ সূচি

উদ্বোধনী ম্যাচ (রবিবার): রাজশাহীতে ঢাকা মেট্রো বনাম স্বাগতিক রাজশাহী (সকাল ৯:৩০ টা)

একই দিন: বগুড়ায় রংপুর বনাম সিলেট (দুপুর ১:৩০ টা)

খুলনার প্রথম ম্যাচ (সোমবার): খুলনা বনাম চট্টগ্রাম, রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম (দুপুর ১:৩০ টা)

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ