ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘একটা বাজে লোক সব নষ্ট করেছে’, ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আফ্রিদি-হরভজন

২০২৫ সেপ্টেম্বর ১২ ১৮:১৩:৩৫

‘একটা বাজে লোক সব নষ্ট করেছে’, ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আফ্রিদি-হরভজন

এশিয়ার ক্রিকেটে ভারত-পাকিস্তান মানেই উত্তেজনা, প্রতীক্ষা আর বাড়তি রোমাঞ্চ। তবে মাঠের বাইরের রাজনীতি প্রায়ই এই লড়াইকে কলুষিত করে। ২০১৩ সালের পর থেকে দুই দেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয়নি, শুধুমাত্র আইসিসি ও এসিসি টুর্নামেন্টেই মুখোমুখি হচ্ছে দুই দল।

গত জুলাই মাসে ইংল্যান্ডের বার্মিংহামে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস–এও একই ঘটনা ঘটে। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে নামতে অস্বীকৃতি জানায় ভারতের সাবেক ক্রিকেটাররা।

ম্যাচ বাতিলের পর পাকিস্তানের কিংবদন্তি শহীদ আফ্রিদি ক্ষোভ প্রকাশ করে বলেন—“আমরা এখানে এসেছিলাম ক্রিকেট খেলতে, বন্ধুত্ব গড়তে। কিন্তু কখনো কখনো একটা বাজে লোক সবকিছু নষ্ট করে দেয়।”

ভারতীয়দের অবস্থান

খবরে জানা যায়, শিখর ধাওয়ান, হরভজন সিং, ইউসুফ পাঠান, ইরফান পাঠান ও সুরেশ রায়নারা আয়োজকদের কাছে চিঠি দিয়ে পাকিস্তানের বিপক্ষে খেলতে আপত্তি জানান।

সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই–কে দেওয়া সাক্ষাৎকারে হরভজন সিং বলেন—“অপারেশন সিঁধুরের পর থেকেই স্পষ্ট হয়ে গেছে, পাকিস্তানের সঙ্গে ক্রিকেট বা বাণিজ্য কোনো কিছুই চলা উচিত নয়। সম্পর্ক ভালো না থাকলে খেলারও প্রয়োজন নেই। তবে সরকার অনুমতি দিলে সেটি ভিন্ন বিষয়।”

আফ্রিদির ক্ষোভ

আফ্রিদি আরও বলেন—“ভারতীয়রা যদি খেলতেই না চায়, তাহলে ইংল্যান্ডে আসার আগেই বলে দেওয়া উচিত ছিল। কিন্তু ওরা এল, অনুশীলনও করল, তারপর হঠাৎ এক দিনে সব বদলে গেল। খেলাধুলা সম্পর্ক উন্নয়নের মাধ্যম, কিন্তু রাজনীতি ঢুকে পড়লে সেটা অসম্ভব হয়ে যায়।”

পাকিস্তানি সাবেকদের সমালোচনা

পাকিস্তানের সাবেক পেসার আবদুর রউফ খানও ক্ষোভ প্রকাশ করে বলেন—“ওরা (ভারতীয়রা) দেখাতে চায় পাকিস্তানের বিপক্ষে খেলে না, অথচ পর্দার আড়ালে একসঙ্গে ঘোরাফেরা করে। এটা ভণ্ডামি ছাড়া কিছু নয়।”

আগামী রোববার এশিয়া কাপে আবারও মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। হাই ভোল্টেজ এই লড়াইয়ের আগে ক্রিকেট বিশ্বের নজর তাই আবারও মাঠের বাইরের টানাপোড়েনে।

আকাশ /

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত