ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

মাহমুদউল্লাহ ম্যাচ রেফারি হচ্ছেন, অবশেষে জানা গেল বাস্তবতা

মো : খুরশেদ আলম
মো : খুরশেদ আলম

সিনিয়র রিপোর্টার

২০২৫ জুলাই ২৬ ২৩:৫৯:৪৫

মাহমুদউল্লাহ ম্যাচ রেফারি হচ্ছেন, অবশেষে জানা গেল বাস্তবতা

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের মার্চে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। তবে এখনও তিনি মাঠ ছাড়েননি—দেশের ঘরোয়া লিগে নিয়মিতই খেলছেন এবং আগামীতেও খেলে যাওয়ার ইচ্ছা রাখেন। এই বাস্তবতার মধ্যেই গুঞ্জন ওঠে, মাহমুদউল্লাহ বুঝি ম্যাচ রেফারির ভূমিকায় নাম লেখাতে যাচ্ছেন।

এমন গুঞ্জনের পেছনে কারণ—আজ শনিবার থেকে মিরপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী ম্যাচ রেফারিদের কর্মশালা ও প্রশিক্ষণ। এতে অংশ নিয়েছেন ৩০ জন সাবেক ও বর্তমান ক্রিকেটার। বিসিবির আম্পায়ার্স বিভাগ থেকে মাহমুদউল্লাহকেও আমন্ত্রণ জানানো হয়েছিল এই কর্মশালায়। তবে জানা গেছে, মাহমুদউল্লাহ সাড়া দেননি এই আহ্বানে।

ঘরোয়া লিগে এখনো খেলার ইচ্ছা রয়েছে বলেই রেফারির ভূমিকা নিতে আগ্রহ দেখাননি রিয়াদ। যদিও বিসিবির আম্পায়ার্স বিভাগের প্রধান ইফতেখার রহমান মিঠুর সঙ্গে কথোপকথন হয়েছে তাঁর। সেখানে তিনি জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ভবিষ্যতে এই পেশায় যুক্ত হওয়ার বিষয়ে বিবেচনা করবেন।

অন্যদিকে বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এক বক্তব্যে জানিয়েছেন, মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম কোচিং ক্যারিয়ার গড়তে আগ্রহী। বুলবুল বলেন,

“আমি বিসিবিতে আসার আগেই মাহমুদউল্লাহ এবং মুশফিকুর রহিম আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তারা আন্তর্জাতিক কোচ হতে চায়। আমরা বিসিবির পক্ষ থেকে ট্রেনিং ও এডুকেশন প্রোগ্রাম চালু করব, ইনশাআল্লাহ।”

অর্থাৎ, মাহমুদউল্লাহ এখনো ক্রিকেটার হিসেবেই ক্যারিয়ার চালিয়ে যাচ্ছেন। রেফারিং নয়, ভবিষ্যতে তিনি কোচিংয়ে যুক্ত হতে পারেন বলে আভাস মিলছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ