ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

এবার মায়ামিতে যোগ দিলেন মেসির ‘প্রিয় বন্ধু’

মো : খুরশেদ আলম
মো : খুরশেদ আলম

সিনিয়র রিপোর্টার

২০২৫ জুলাই ২৬ ১২:৪০:১৩

এবার মায়ামিতে যোগ দিলেন মেসির ‘প্রিয় বন্ধু’

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা রদ্রিগো ডি পল এবার মেজর লিগ সকারে (এমএলএস)। দীর্ঘদিনের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে তিনি পাড়ি জমিয়েছেন মেসির ক্লাব ইন্টার মায়ামিতে। আপাতত ধারে ২০২৫ মৌসুম পর্যন্ত খেলবেন ডি পল, তবে চাইলে এই চুক্তি ২০২৯ পর্যন্ত স্থায়ী করার সুযোগ থাকছে।

মাঠে ডি পলকে ডাকা হয় ‘এল মোটরসিতো’—মানে ছোট ইঞ্জিন। ৩১ বছর বয়সী এই মিডফিল্ডারের গতি, বল কন্ট্রোল এবং পরিশ্রম তাকে প্রতিপক্ষের জন্য এক ভয়ংকর অস্ত্র করে তোলে। ইন্টার মায়ামির হয়ে খুব শিগগিরই অনুশীলনে যোগ দিতে চলেছেন তিনি।

যোগ দেওয়ার পর এক আবেগঘন বার্তায় ডি পল বলেন,

“আমার এখানে আসার মূল কারণ হচ্ছে নতুন চ্যালেঞ্জ নেওয়া, ট্রফি জেতা এবং ইন্টার মায়ামির ইতিহাসে নিজের নাম লেখানো।”

ডি পলের আগমনে উচ্ছ্বসিত মায়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যাম। তিনি বলেন,

“জাতীয় দলে রদ্রিগো যেভাবে নেতৃত্ব দিয়েছেন তা অসাধারণ। আমি তাকে অনেকদিন ধরেই অনুসরণ করছি। তার অভিজ্ঞতা ও প্যাশন আমাদের ক্লাবকে আরও সমৃদ্ধ করবে।”

উল্লেখ্য, লিওনেল মেসির খুব ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ডি পল। জাতীয় দলের হয়ে দীর্ঘদিন মেসির পাশে খেলে এসেছেন, এবং এবার তারা ক্লাব পর্যায়েও একসঙ্গে খেলবেন। ইন্টার মায়ামিতে এরইমধ্যে খেলছেন মেসি, সুয়ারেজ, বুসকেটস ও জর্দি আলবা। সেই তালিকায় নতুন সংযোজন ডি পল।

ইন্টার মায়ামির ম্যানেজিং ওনার জর্জ মাস বলেন,

“আমরা এমন একটি দল গড়তে চাই, যেটা আমাদের সমর্থকদের স্বপ্ন দেখাতে পারে। রদ্রিগোর মতো বিশ্বজয়ী খেলোয়াড় সেই স্বপ্ন বাস্তবায়নে বড় ভূমিকা রাখবেন।”

ডি পলের লক্ষ্য এবার একটাই—ইন্টার মায়ামির হয়ে প্রথমবারের মতো লিগ শিরোপা ঘরে তুলতে চান তিনি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত