ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

পরীক্ষা বিতর্কের পর পদত্যাগ, পদত্যাগপত্রে যা লিখলেন ভারতের শিক্ষামন্ত্রী

২০২৬ জুলাই ২৫ ১৮:২২:০৭

পরীক্ষা বিতর্কের পর পদত্যাগ, পদত্যাগপত্রে যা লিখলেন ভারতের শিক্ষামন্ত্রী

নিট-ইউজি (NEET-UG) পরীক্ষা নিয়ে দেশজুড়ে বিতর্ক এবং আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন ধর্মেন্দ্র প্রধান। শনিবার (২৫ জুলাই) তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও পদত্যাগপত্রের মূল বক্তব্য প্রকাশ করেন।

পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান উল্লেখ করেন, নিট-ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগ সামনে আসার পর সরকার দ্রুত তদন্তের দায়িত্ব কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)-এর কাছে হস্তান্তর করে। পাশাপাশি পরীক্ষা বাতিল করে পুনঃপরীক্ষার ব্যবস্থা নেওয়া হয় এবং আগামী বছর থেকে কম্পিউটারভিত্তিক (CBT) পদ্ধতিতে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, সরকারের প্রধান লক্ষ্য ছিল কোনো মেধাবী শিক্ষার্থী যেন অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত না হয় এবং পরীক্ষাব্যবস্থার প্রতি শিক্ষার্থীদের আস্থা বজায় থাকে।

তিনি দাবি করেন, ঘটনার শুরু থেকেই তিনি ব্যক্তিগতভাবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং কোনো পর্যায়ে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেননি। প্রায় ২০ লাখের বেশি শিক্ষার্থীর পুনঃপরীক্ষা সফলভাবে আয়োজন করতে কেন্দ্র ও রাজ্য সরকার, জেলা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক এবং শিক্ষার্থীদের সম্মিলিত সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ধর্মেন্দ্র প্রধান আরও বলেন, ১৬ জুলাই প্রকাশিত ফলাফলে দরিদ্র ও প্রান্তিক পরিবারের বহু শিক্ষার্থীর সাফল্য তাকে অনুপ্রাণিত করেছে। তবে একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু দায়িত্বশীল ব্যক্তি শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছেন, যা তাকে গভীরভাবে মর্মাহত করেছে।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, গত কয়েক দিনের ঘটনাপ্রবাহ তাকে ব্যক্তিগতভাবে কষ্ট দিয়েছে। তবে এটি কেবল তার ব্যক্তিগত মর্যাদার প্রশ্ন নয়; বরং দেশের স্বার্থ, শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং জাতীয় স্থিতিশীলতার বিষয়টি বিবেচনায় রেখেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি চাননি পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো দেশবিরোধী শক্তি অস্থিরতা সৃষ্টি করুক কিংবা শিক্ষার্থীদের ভবিষ্যৎ দীর্ঘ আইনি জটিলতায় আটকে যাক।

পদত্যাগপত্রের শেষ অংশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মন্ত্রিসভার সহকর্মী, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান ধর্মেন্দ্র প্রধান। একই সঙ্গে তিনি বলেন, পদ ছাড়লেও দেশসেবা থেকে সরে যাচ্ছেন না। ভবিষ্যতেও দেশের উন্নয়ন এবং বিশেষ করে তরুণ সমাজের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত