ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

এসএসসি পরিক্ষার ফলাফল, অনলাইন, এসএমএসে রেজাল্ট দেখবেন যেভাবে

২০২৬ জুলাই ২৫ ১১:০৫:৪৯

এসএসসি পরিক্ষার ফলাফল, অনলাইন, এসএমএসে রেজাল্ট দেখবেন যেভাবে

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশকে ঘিরে দেশের লাখো শিক্ষার্থী ও অভিভাবকের অপেক্ষা আরও কিছুটা দীর্ঘ হয়েছে। আগে ২০ জুলাই ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানানো হলেও শেষ মুহূর্তে সেই সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ফলে নতুন তারিখ ঘোষণার অপেক্ষায় রয়েছে প্রায় ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, পূর্বনির্ধারিত দিনে ফল প্রকাশ সম্ভব হয়নি। তবে তিনি আশ্বস্ত করে বলেন, চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের লক্ষ্যে প্রয়োজনীয় প্রায় সব প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। ফলে আনুষ্ঠানিক ঘোষণা এলেই ফল প্রকাশ করা হবে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে ২০ জুলাই ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানানো হয়েছিল। সেই অনুযায়ী প্রস্তুতিও চলছিল। উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। পরে নির্ধারিত সময়ের মধ্যেই ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন হয়।

অনলাইনে যেভাবে দেখবেন এসএসসি রেজাল্ট ২০২৬

ফল প্রকাশের পর সবচেয়ে দ্রুত এবং সহজ উপায় হলো অনলাইনে ফল দেখা। পরীক্ষার্থীদের নির্ধারিত ফলাফল প্রকাশের ওয়েবসাইটে প্রবেশ করে SSC/Dakhil নির্বাচন করতে হবে। এরপর পরীক্ষার বছর ২০২৬, শিক্ষা বোর্ড, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে লিখে ক্যাপচা পূরণ করে Submit/Get Result অপশনে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে।

তবে ফল প্রকাশের প্রথম কয়েক মিনিটে অতিরিক্ত ব্যবহারকারীর কারণে সার্ভারে চাপ তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে কিছুক্ষণ অপেক্ষা করে পুনরায় চেষ্টা করলে সহজেই ফল পাওয়া যাবে।

এসএমএসে যেভাবে জানা যাবে ফল

যাদের ইন্টারনেট সুবিধা নেই অথবা ওয়েবসাইটে প্রবেশ করতে সমস্যা হবে, তারা মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবেন।

মোবাইলের মেসেজ অপশনে লিখতে হবে:

SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026

উদাহরণ:

SSC DHA 123456 2026

এরপর বার্তাটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা DAKHIL এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা SSC TEC লিখে একই নম্বরে এসএমএস পাঠাতে পারবেন। ফিরতি এসএমএসে জিপিএসহ ফল জানিয়ে দেওয়া হবে। নির্ধারিত চার্জ প্রযোজ্য হবে।

মার্কশিটসহ বিস্তারিত ফল দেখার উপায়

শুধু জিপিএ নয়, বিষয়ভিত্তিক নম্বর ও গ্রেড জানতে চাইলে মার্কশিটসহ ফলও দেখা যাবে। এজন্য ফল প্রকাশের ওয়েবসাইটে গিয়ে Individual Result অপশন নির্বাচন করে পরীক্ষার নাম, বছর, শিক্ষা বোর্ড, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর প্রদান করতে হবে। এরপর ক্যাপচা পূরণ করে ফলাফল দেখলে বিষয়ভিত্তিক নম্বরসহ সম্পূর্ণ মার্কশিট পাওয়া যাবে। প্রয়োজন হলে সেটি ডাউনলোড বা প্রিন্টও করা যাবে।

শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে ফল সংগ্রহ করবে

এবারও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ফলাফলের কোনো হার্ড কপি দেওয়া হবে না। প্রতিষ্ঠানগুলো অনলাইনের মাধ্যমে EIIN নম্বর ব্যবহার করে Institution Result অপশন থেকে ফল ডাউনলোড করতে পারবে। পরে সেই ফল প্রিন্ট করে নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

ফল নিয়ে আপত্তি থাকলে পুনঃনিরীক্ষণের সুযোগ

ফল প্রকাশের পর কোনো পরীক্ষার্থী যদি মনে করেন তার প্রাপ্ত ফল প্রত্যাশিত হয়নি, তাহলে তিনি পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। সাধারণত ফল প্রকাশের সাত দিনের মধ্যে টেলিটক প্রি-পেইড নম্বর থেকে আবেদন করা যায়।

এসএমএসের ফরম্যাট হবে:

RSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড

বার্তাটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। একাধিক বিষয়ে আবেদন করতে চাইলে বিষয় কোডগুলো কমা দিয়ে লিখতে হবে এবং প্রতিটি বিষয়ের জন্য নির্ধারিত ফি প্রযোজ্য হবে।

পুনঃনিরীক্ষণে নতুন করে খাতা মূল্যায়ন করা হয় না। কেবল নম্বর গণনায় ভুল হয়েছে কি না, কোনো উত্তরের নম্বর বাদ পড়েছে কি না কিংবা ওএমআর শিটে নম্বর সঠিকভাবে যুক্ত হয়েছে কি না—এসব বিষয় পুনরায় যাচাই করা হয়।

এসএসসি ও সমমান পরীক্ষার ফল শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। কলেজে ভর্তি থেকে শুরু করে পরবর্তী শিক্ষার পথ নির্ধারণে এই ফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ফল প্রকাশের বিষয়ে কোনো গুজব বা অনির্ভরযোগ্য তথ্যের পরিবর্তে শিক্ষা বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণা অনুসরণ করাই সবচেয়ে নিরাপদ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

শিক্ষা এর অন্যান্য সংবাদ