ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

ফিফার বিশ্বকাপ সেরা একাদশে স্পেন-ফ্রান্সের দাপট, আর্জেন্টিনা ও ব্রাজিলের কত

২০২৬ জুলাই ২৩ ১৩:০৯:০৯

ফিফার বিশ্বকাপ সেরা একাদশে স্পেন-ফ্রান্সের দাপট, আর্জেন্টিনা ও ব্রাজিলের কত

২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা নামার তিন দিন পর টুর্নামেন্টের অফিসিয়াল ‘টিম অব দ্য টুর্নামেন্ট’ প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিশ্বজুড়ে সমর্থকদের ভোটের ভিত্তিতে নির্বাচিত এই সেরা একাদশে সবচেয়ে বেশি আধিপত্য দেখিয়েছে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন এবং সেমিফাইনালিস্ট ফ্রান্স। দুটি দেশ থেকেই তিনজন করে ফুটবলার জায়গা পেয়েছেন। অন্যদিকে রানার্সআপ আর্জেন্টিনা থেকে সুযোগ মিলেছে দুইজনের, তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কোনো খেলোয়াড়ই সেরা একাদশে জায়গা পাননি।

৪-৩-৩ ফরমেশনে সাজানো এই দলে গোলপোস্টের দায়িত্ব দেওয়া হয়েছে কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়াকে। বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দের হয়ে দুর্দান্ত সব সেভ করে আলোচনায় আসেন তিনি। সমর্থকদের ভোটেও সবচেয়ে বেশি সমর্থন পান এই গোলরক্ষক।

রক্ষণভাগে জায়গা পেয়েছেন স্পেনের দুই ডিফেন্ডার মার্ক কুকুরেয়া ও পেদ্রো পোরো। তাদের সঙ্গে রয়েছেন ফ্রান্সের দায়ো উপামেকানো এবং আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজ। পুরো টুর্নামেন্টজুড়ে স্পেনের শক্তিশালী রক্ষণভাগ মাত্র একটি গোল হজম করে সাতটি ক্লিন শিট রেখে শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছে। কুকুরেয়াও পুরো আসরে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেছেন।

মিডফিল্ডে জায়গা পেয়েছেন স্পেনের রদ্রি, ফ্রান্সের মাইকেল ওলিসে এবং ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম। বিশ্বকাপজয়ী স্পেনের মাঝমাঠের মূল নিয়ন্ত্রক হিসেবে অসাধারণ ভূমিকা রেখে রদ্রি জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল। অন্যদিকে ওলিসে পুরো আসরে সাতটি অ্যাসিস্ট করে ফ্রান্সের আক্রমণভাগকে সমৃদ্ধ করেছেন। ইংল্যান্ডের হয়ে সাত গোল করে নজর কেড়েছেন জুড বেলিংহ্যাম।

আক্রমণভাগে রয়েছেন তিন মহাতারকা—আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং নরওয়ের আর্লিং হলান্ড। ৩৯ বছর বয়সেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে মেসি ৮ গোল ও ৪টি অ্যাসিস্ট করেন এবং দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এমবাপ্পে ১০ গোল ও ৪ অ্যাসিস্ট করে জিতেছেন গোল্ডেন বুট এবং বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও শীর্ষে উঠে এসেছেন। অন্যদিকে নরওয়ে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেও ৭ গোল করে সেরা একাদশে নিজের জায়গা নিশ্চিত করেছেন আর্লিং হলান্ড।

ফিফার ঘোষিত এই একাদশে স্পেন ও ফ্রান্সের তিনজন করে, আর্জেন্টিনার দুইজন এবং ইংল্যান্ড, নরওয়ে ও কেপ ভার্দের একজন করে ফুটবলার রয়েছেন। তবে ব্রাজিলের কোনো খেলোয়াড়ের নাম না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা।

ফিফার ২০২৬ বিশ্বকাপ সেরা একাদশ (৪-৩-৩):

গোলরক্ষক: ভোজিনিয়া (কেপ ভার্দে)

ডিফেন্ডার: পেদ্রো পোরো (স্পেন), দায়ো উপামেকানো (ফ্রান্স), লিসান্দ্রো মার্তিনেজ (আর্জেন্টিনা), মার্ক কুকুরেয়া (স্পেন)

মিডফিল্ডার: রদ্রি (স্পেন), মাইকেল ওলিসে (ফ্রান্স), জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড)

ফরোয়ার্ড: লিওনেল মেসি (আর্জেন্টিনা), আর্লিং হলান্ড (নরওয়ে), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত