ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

কমলো এলপিজি গ্যাসের দাম, কার্যকর আজ সন্ধ্যা থেকেই

২০২৬ জুন ০২ ১৭:২২:৪১

কমলো এলপিজি গ্যাসের দাম, কার্যকর আজ সন্ধ্যা থেকেই

দেশের বাজারে ভোক্তা পর্যায়ে কমানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জুন মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২ জুন ২০২৬) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এলপিজির এই নতুন দর ঘোষণা করে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন এই মূল্য কার্যকর হবে।

বিইআরসি জানিয়েছে, মে মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৯৪০ টাকা। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বিবেচনায় নিয়ে তা ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকায় নামিয়ে আনা হয়েছে। একই সঙ্গে কমানো হয়েছে অটোগ্যাসের দামও। প্রতি লিটারে ২ টাকা ৫৯ পয়সা কমিয়ে মূসকসহ অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৮৬ টাকা ৯৩ পয়সা।

এর আগে গত মে মাসে এলপিজি গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে এপ্রিল মাসে দুই দফায় দামের বড় ধরনের সমন্বয় করা হয়েছিল। ২রা এপ্রিল ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হলেও পরবর্তীতে ১৯শে এপ্রিল তা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছিল। জুন মাসের এই হ্রাস সাধারণ গ্রাহকদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল মাস থেকে প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এলপিজি তৈরির প্রধান দুটি উপাদান প্রোপেন ও বিউটেন আমদানির ক্ষেত্রে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো কর্তৃক প্রকাশিত সৌদি কার্গো মূল্যকে (সিপি) ভিত্তিমূল্য ধরা হয়। বিইআরসি আমদানিকারক কোম্পানিগুলোর ইনভয়েস মূল্য এবং ডলারের গড় দাম হিসাব করে প্রতি মাসে এই মূল্য সমন্বয় করে থাকে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত