ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপ মিশনে দেশ ছাড়ল আর্জেন্টিনা

২০২৬ মে ৩১ ১৮:৪৩:২২

বিশ্বকাপ মিশনে দেশ ছাড়ল আর্জেন্টিনা

বিশ্বকাপ ২০২৬-এর প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু করে দিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে দলের ১৮ জন ফুটবলার একটি চার্টার্ড ফ্লাইটে দেশ ছেড়ে কানসাস সিটির উদ্দেশে যাত্রা করেছেন। সেখানেই নিজেদের মূল বেস ক্যাম্প গড়ে তুলবে লিওনেল স্কালোনির দল।

বিশ্বকাপ চলাকালীন প্রস্তুতি ও অনুশীলনের জন্য যুক্তরাষ্ট্রের কানসাস সিটিকে বেছে নিয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। আগামী ১ জুন থেকে স্পোর্টিং কানসাস সিটির অত্যাধুনিক ‘কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টারে’ দলের পূর্ণাঙ্গ অনুশীলন কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

প্রথম দফায় ক্যাম্পে যোগ দিতে যাওয়া খেলোয়াড়দের মধ্যে রয়েছেন গোলরক্ষক জেরোনিমো রুলি। রক্ষণভাগে আছেন নাহুয়েল মলিনা, গনজালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো এবং ভালেনতিন বার্কো। এছাড়া মিডফিল্ডে রয়েছেন লেয়ান্দ্রো পারেদেস, এজেকুয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা ও নিকো পাজ।

আক্রমণভাগে ক্যাম্পে যোগ দিয়েছেন নিকোলাস গনজালেজ, হুলিয়ান আলভারেজ, জুলিয়ানো সিমিওনে এবং হোসে ম্যানুয়েল লোপেজ। বিশ্বকাপের আগে নিজেদের সেরা ছন্দে ফিরিয়ে আনতেই এই ক্যাম্পকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে আর্জেন্টিনা দল।

তবে দলের কয়েকজন বড় তারকা এই চার্টার্ড ফ্লাইটে ছিলেন না। লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেস, লাউতারো মার্তিনেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, লিসান্দ্রো মার্তিনেস, হুয়ান মুসো এবং ফাকুন্দো মেদিনা নিজ নিজ অবস্থান থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে ক্যাম্পে যোগ দেবেন।

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি যাচাই করতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৬ জুন টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে এবং ৯ জুন অ্যালাবামায় আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্কালোনির শিষ্যরা।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বকাপ অভিযান শুরু হবে ১৬ জুন। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশনে নামবে আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে দলটির প্রস্তুতি ও তারকাদের ফর্ম নিয়ে ইতোমধ্যেই ফুটবল বিশ্বে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত