ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

তেলের দামে বড় পতন

২০২৬ মে ২১ ০০:১৬:৪১

তেলের দামে বড় পতন

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের পতন দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে ইতিবাচক মন্তব্য করার পর বিশ্ববাজারে কয়েক দফায় কমেছে অপরিশোধিত তেলের দাম। সর্বশেষ তথ্যে দেখা গেছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৫ শতাংশের বেশি কমে স্থিতিশীল অবস্থানে পৌঁছেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববাজারের গুরুত্বপূর্ণ বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড অয়েলের দাম কমে প্রতি ব্যারেল ১০৫ দশমিক ৭০ ডলারে নেমে এসেছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সংঘাত নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ কিছুটা কমে যাওয়ায় বাজারে এই বড় পরিবর্তন এসেছে।

বুধবার দেওয়া এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যদিও একইসঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, তেহরান শান্তিচুক্তিতে রাজি না হলে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে তার এই বক্তব্যে আন্তর্জাতিক বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

বিনিয়োগকারীরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমে এলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে। ফলে তেল উৎপাদন ও রপ্তানি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা অনেকটাই হ্রাস পাবে। এই আশাবাদ থেকেই বিশ্ববাজারে তেলের দাম দ্রুত কমতে শুরু করেছে।

বিশ্ব অর্থনীতিতে জ্বালানি তেলের মূল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তেলের দাম কমলে পরিবহন ব্যয়, উৎপাদন খরচ এবং বিভিন্ন পণ্যের বাজারমূল্যে ইতিবাচক প্রভাব পড়ে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের এই দরপতন অনেক দেশের অর্থনীতির জন্য স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।

অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের ওপর আগামী দিনগুলোতে তেলের বাজারের গতিপ্রকৃতি অনেকটাই নির্ভর করবে। পরিস্থিতি শান্ত থাকলে আরও কিছুটা কমতে পারে জ্বালানি তেলের দাম।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত