ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ভারতের ভিসা চালু নিয়ে নতুন খবর

২০২৬ মে ১৬ ০০:০০:০৬

ভারতের ভিসা চালু নিয়ে নতুন খবর

বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা এখনও চালু হয়নি। প্রায় দুই বছর ধরে বন্ধ থাকা এই ভিসা পুনরায় চালুর বিষয়ে সম্প্রতি নতুন করে আলোচনা শুরু হলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) এবং ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্র নিশ্চিত করেছে, বর্তমানে পর্যটন ভিসা ইস্যু বন্ধ রয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আগামী জুন মাসের শেষ দিকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দুই দেশের মধ্যে একাধিক দফা আলোচনায় বিষয়টি গুরুত্ব পেয়েছে বলেও জানা গেছে।

২০২৪ সালের আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর নিরাপত্তা ইস্যুতে দেশের সব আইভ্যাক সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে সীমিত পরিসরে কার্যক্রম চালু হলেও এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি ভিসা সেবা। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনা—এই পাঁচটি আইভ্যাক থেকে সীমিত আকারে মেডিক্যাল, ব্যবসায়িক ও ডাবল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ১ মে থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার গুজব ছড়িয়ে পড়ে। এতে অনেকে অনলাইনে আবেদনও করেন। কিন্তু পরে তাদের আবেদন বাতিল হয়ে যায়। সংশ্লিষ্টরা বলছেন, আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া আবেদন করলে তা গ্রহণযোগ্য হচ্ছে না।

ভিসা প্রসেসিংয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানিয়েছেন, গুজবের সুযোগ নিয়ে কিছু অসাধু চক্র অতিরিক্ত অর্থ আদায় করছে। অনেক আবেদনকারী ভুল তথ্যের ভিত্তিতে আবেদন করে আর্থিক ক্ষতির মুখেও পড়ছেন।

আইভ্যাক জানিয়েছে, ট্যুরিস্ট ভিসা চালু হলে তা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তাই আবেদনকারীদের যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও আশা করছে, ভারত দ্রুত পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম স্বাভাবিক করবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত