ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপ ২০২৬: বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো আর্জেন্টিনা

২০২৬ মে ১১ ২০:০৫:১৫

বিশ্বকাপ ২০২৬: বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো আর্জেন্টিনা

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। লিওনেল মেসিকে কেন্দ্র করে গড়া এই তালিকা থেকে চূড়ান্ত ২৬ সদস্যের দল বেছে নেবেন কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (AFA) প্রকাশিত এই তালিকায় অভিজ্ঞতার পাশাপাশি তরুণ প্রতিভাদেরও বড় উপস্থিতি দেখা গেছে। ঘরোয়া লিগ থেকে রিভার প্লেটের ৬ জন এবং বোকা জুনিয়র্সের ৪ জন খেলোয়াড় সুযোগ পেয়েছেন। পাশাপাশি আরও কয়েকজন স্থানীয় লিগের খেলোয়াড়কেও রাখা হয়েছে।

তালিকায় নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন নিকোলাস কাপালদো, জাইদ রোমেরো এবং মাতেও পেলেগ্রিনোর মতো ফুটবলাররা, যারা এখনো স্কালোনির অধীনে জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেননি। তরুণদের মধ্যে আলেহান্দ্রো গারনাচো, মাতিয়াস সুলে এবং ক্লাউদিও এচেভেরির মতো উদীয়মান তারকারাও আছেন, যারা ইউরোপিয়ান ক্লাব ফুটবলে নজর কাড়ছেন।

অভিজ্ঞতার দিক থেকে আর্জেন্টিনার মূল ভরসা থাকছেন লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ এবং ক্রিশ্চিয়ান রোমেরোর মতো তারকারা।

আর্জেন্টিনা দলটি ক্লাব মৌসুম শেষ হওয়ার পর এজিজার ক্যাম্পে একত্রিত হবে। এরপর জুনে যুক্তরাষ্ট্রের কানসাসে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প শুরু করবে দলটি। প্রস্তুতির অংশ হিসেবে তারা দুটি প্রীতি ম্যাচ খেলবে হন্ডুরাস এবং আইসল্যান্ডের বিপক্ষে।

বিশ্বকাপ মিশন শুরু হওয়ার আগে আলজেরিয়ার বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সব মিলিয়ে শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ স্কোয়াড নিয়ে আবারও বিশ্বমঞ্চে শিরোপা ধরে রাখার লক্ষ্যেই নামছে মেসির দল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত