ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশ ইস্যু : ভারত–ম্যাচ নিয়ে নতুন ঘোষণা দিলেন : পাকিস্তানের প্রধানমন্ত্রী

২০২৬ ফেব্রুয়ারি ০৫ ১১:০৩:১৮

বাংলাদেশ ইস্যু : ভারত–ম্যাচ নিয়ে নতুন ঘোষণা দিলেন : পাকিস্তানের প্রধানমন্ত্রী

টি–টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে পাকিস্তান সরকারের নেওয়া এক সিদ্ধান্ত ক্রিকেট বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে অংশ না নেওয়ার ঘোষণা দেওয়ার পর প্রথমবার নিজেই ব্যাখ্যা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি জানান, বিষয়টি শুধু রাজনৈতিক নয়—বরং বাংলাদেশের প্রতি সমর্থন ও “খেলাকে রাজনীতি থেকে দূরে রাখার” অবস্থান থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসলামাবাদে গতকাল বুধবার মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন,“আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠকে রাজনীতির হাতিয়ার হতে দেওয়া যায় না। বাংলাদেশের পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব।”

বাংলাদেশের বিশ্বকাপে না থাকা—পটভূমি

বাংলাদেশ নিরাপত্তাঝুঁকি দেখিয়ে বিশ্বকাপের জন্য ভারতে দল পাঠাতে চায়নি এবং আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানায়। কিন্তু আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। বাংলাদেশ দল না পাঠানোর সিদ্ধান্তে অটল থাকলে আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে সুযোগ দেয়।

বাংলাদেশের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে পাকিস্তান সরকার গত সপ্তাহেই ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের কথা ঘোষণা করেছিল। তবে কারণ স্পষ্ট করেননি কেউ। এবারই প্রথম প্রধানমন্ত্রী জানান,“বাংলাদেশকে উপেক্ষা করে আইসিসি যে সিদ্ধান্ত নিয়েছে, তা গ্রহণযোগ্য নয়। তাই আমরা তাদের পাশে থাকব।”

পিসিবির অভিযোগ—দ্বিমুখী নীতি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভিও আগে জানিয়েছিলেন, অতীতে ভারত–পাকিস্তানের নিরাপত্তা ইস্যু আইসিসি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কেন তা করা হলো না—সে প্রশ্ন তুলেছিলেন তিনি। এছাড়া আইসিসির আচরণকে “দ্বিমুখী” বলেও মন্তব্য করেন।

আইসিসির সতর্কবার্তা

পাকিস্তান সরকারের ঘোষণার পর আইসিসি জানায়, ম্যাচ বয়কটের ফলে দীর্ঘমেয়াদি আর্থিক ও কাঠামোগত ক্ষতির মুখোমুখি হতে পারে পিসিবি। তাই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলা হয়। কিন্তু পাকিস্তান এখনো অবস্থানে অটল।

ভারত–পাকিস্তান ম্যাচ ছিল বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় লড়াই

২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা।১৫ ফেব্রুয়ারি কলম্বোতে হবে ভারত–পাকিস্তান ম্যাচ—এমনটাই সূচিতে ছিল।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ম্যাচগুলোর একটি হওয়ায় আয়োজক ও আইসিসির আর্থিক প্রত্যাশাও ছিল বিপুল। পাকিস্তান যদি ম্যাচ না খেলে, তা আয়োজকদের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ