ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

প্রভাসের নতুন রেকর্ড ,বক্স অফিসে ঝড় তুলেছে প্রভাসের ‘দ্য রাজাসাব’

২০২৬ জানুয়ারি ১১ ১৬:০০:৫২

প্রভাসের নতুন রেকর্ড ,বক্স অফিসে ঝড় তুলেছে প্রভাসের ‘দ্য রাজাসাব’

নতুন বছর বড়পর্দায় দাপুটে সূচনা করলেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। মারুতি পরিচালিত তার নতুন সিনেমা ‘দ্য রাজাসাব’ মুক্তি পেয়েছে ৯ জানুয়ারি। ফ্যান্টাসি হরর-কমেডি ঘরানার এই সিনেমাটি একযোগে তেলেগু, তামিল, কন্নড়, মালায়ালাম ও হিন্দি ভাষায় বিশ্বের প্রায় ৩ হাজার ২০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

মুক্তির পর সিনেমাটি সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। দুর্বল চিত্রনাট্য, গল্পের সংহতির অভাব এবং অপ্রয়োজনীয় দীর্ঘায়ন—এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলেছেন একাধিক সমালোচক। অনেকেই সিনেমাটিকে গড়পড়তা বলে আখ্যা দিলেও প্রভাসের অভিনয় কিছুটা প্রশংসা কুড়িয়েছে।

ডেকান ক্রনিকল ও দ্য স্টেটসম্যানের সমালোচকরা সিনেমাটিকে পাঁচে দুই রেটিং দিয়েছেন। তাদের মতে, সিনেমার কৌতুক ও উপস্থাপনায় নতুনত্বের অভাব রয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও এনডিটিভির সমালোচকরাও সিনেমাটিকে সম্ভাবনাময় গল্পের অপচয় বলে উল্লেখ করেছেন।

তবে সমালোচনার ঝড় উপেক্ষা করে বক্স অফিসে দুর্দান্ত সাফল্য দেখিয়েছে ‘দ্য রাজাসাব’। বাণিজ্য বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ভারতে সিনেমাটি আয় করেছে প্রায় ৫৪ কোটি রুপি (নিট)। দ্বিতীয় দিনে আয় হয়েছে আরও প্রায় ২৫ কোটি রুপি। ফলে দুই দিনে ভারতে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৭৯ কোটি রুপি।

বিশ্বব্যাপী দুই দিনে সিনেমাটির গ্রস আয় প্রায় ১৩৮ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৭ কোটি টাকার কাছাকাছি। অন্যদিকে, স্যাকনিল্কের তথ্যমতে দুই দিনে ভারতের নিট আয় ৯০ কোটির বেশি।

সিনেমাটিতে প্রভাস ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, নিধি আগরওয়াল, মালবিকা মোহনান ও ঋদ্ধি কুমার। প্রায় ৪০০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি প্রযোজনা করেছেন টি. জি. বিশ্ব প্রসাদ। মুক্তির আগেই বিভিন্ন স্বত্ব বিক্রি করে সিনেমাটি আয় করেছিল ২০০ কোটির বেশি।

সমালোচনা সত্ত্বেও দর্শক আগ্রহ ধরে রাখতে পারলে ‘দ্য রাজাসাব’ বক্স অফিসে আরও বড় সাফল্য পেতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত