ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ক্রিকেটবিশ্বে শোকের ছায়া: ম্যাচ চলাকালে স্ট্রোকে ক্রিকেটারের মৃত্যু

২০২৬ জানুয়ারি ১০ ২০:১০:১২

ক্রিকেটবিশ্বে শোকের ছায়া: ম্যাচ চলাকালে স্ট্রোকে ক্রিকেটারের মৃত্যু

ক্রিকেট খেলতে খেলতেই না ফেরার দেশে চলে গেলেন ভারতের ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ খাওলহরিং লালরেমরুয়াতা ভেঙনুয়াই। বৃহস্পতিবার খালেদ মেমোরিয়াল দ্বিতীয় বিভাগ স্ক্রিনিং টুর্নামেন্টে খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

মিজোরামের সাইরাং রেলস্টেশনের কাছের সুয়াকা ক্রিকেট মাঠে রাইডার্স ক্রিকেট ক্লাবের হয়ে খেলছিলেন লালরেমরুয়াতা। ম্যাচ চলাকালীন আচমকা তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সতীর্থরা দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা জানান, মাঠেই তিনি স্ট্রোক করেছিলেন এবং সেটিই তার মৃত্যুর কারণ।

মিজোরাম ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আকস্মিক স্ট্রোকের কারণেই এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। ক্রিকেট অঙ্গনে এই মৃত্যু গভীর শোকের ছায়া ফেলেছে।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তায় লালরেমরুয়াতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে মিজোরাম সরকারের ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী লালনঘিংলোভা হামাও তার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন।

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ ছিলেন লালরেমরুয়াতা। রঞ্জি ট্রফিতে তিনি দুটি এবং সৈয়দ মুশতাক আলি ট্রফিতে সাতটি ম্যাচ খেলেছিলেন। মাঠে তার এমন আকস্মিক বিদায় ক্রিকেটপ্রেমীদের হৃদয় ভারাক্রান্ত করে তুলেছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ