ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ইমরান ও ন্যান্সি: নতুন বছরে নতুন চমক

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৫ নভেম্বর ২৩ ১৬:২৫:২২

ইমরান ও ন্যান্সি: নতুন বছরে নতুন চমক

বাংলা সংগীতের ইতিহাসে কিছু গান রয়েছে, যেগুলো সময় পেরোলেও শ্রোতার হৃদয়ে সমানভাবে জায়গা ধরে রাখে। ১৯৯০-এর দশকে মুক্তিপ্রাপ্ত ‘শেষ ঠিকানা’ চলচ্চিত্রের জনপ্রিয় গান ‘আমি পাথরে ফুল ফোটাব’ তেমনই একটি সৃষ্টি। মিল্টন খন্দকারের কথায়, আলম খানের সুরে এবং কিংবদন্তি এন্ড্রু কিশোরের অনন্য কণ্ঠে গানটি আজও একটি কালজয়ী সংগীত হিসেবে পরিচিত।

এই জনপ্রিয় গানই এবার ফিরে আসছে নতুন রূপে। অনুপম মিউজিকের আয়োজনে তৈরি হয়েছে ‘আমি পাথরে ফুল ফোটাব ২.০’, যেখানে কণ্ঠ দিয়েছেন সমসাময়িক সংগীতের দুই তারকা—ইমরান মাহমুদুল ও ন্যান্সি। নতুন সংস্করণটির কথা লিখেছেন আহমেদ রিজভী, আর সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান নিজে।

ইতোমধ্যেই গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। বহুদিন পর একসঙ্গে গাওয়ায় দুই শিল্পীই উচ্ছ্বসিত। ইমরান বলেন, “মূল গানটি মানুষের হৃদয়ের সঙ্গে যুক্ত। এর হুকলাইন রেখে আমরা পুরো গানটি নতুনভাবে সাজিয়েছি। দীর্ঘ সময় পর ন্যান্সি আপুর সঙ্গে কাজ করতে পেরে খুব ভালো লাগছে। আশা করি নতুন আয়োজনটিও শ্রোতারা পছন্দ করবেন।”

ন্যান্সি জানান, “পুরোনো গানটির প্রতি শ্রোতার আবেগ রয়েছে। নতুন কথাগুলোও বেশ আবেগঘন। শ্রোতারা অপেক্ষা করে এমন গানই। আমি বিশ্বাস করি, নতুন সংগীতায়োজনের হুকলাইনও মানুষের ভালো লাগবে।”

গানটির জন্য তৈরি হচ্ছে বড়সড় মিউজিক ভিডিও, যা নির্মাণ করবেন সৈকত রেজা। মালয়েশিয়ায় হবে এর শুটিং। সব ঠিক থাকলে নতুন বছরের শুরুতেই অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘আমি পাথরে ফুল ফোটাব ২.০’।

এদিকে, এই গান ছাড়াও ন্যান্সিকে নিয়ে আরেকটি নতুন গানও করেছেন ইমরান, যেখানে তার সহ–শিল্পী মোহাম্মদ মিলন। এই গানটির কথাও, সুরও এবং সংগীত পরিচালনাও করেছেন ইমরান।

নতুন বছরকে সামনে রেখে শ্রোতাদের জন্য বিশেষ চমক নিয়ে হাজির হতে চলেছেন ন্যান্সি ও ইমরান—এমনটাই জানাচ্ছে অনুপম মিউজিক।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত