ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মুশফিকের শততম টেস্টকে ঘিরে চমকে দেয়ার মত ঘোষণা বিসিবির

২০২৫ নভেম্বর ১৯ ০৮:০৭:৪২

মুশফিকের শততম টেস্টকে ঘিরে চমকে দেয়ার মত ঘোষণা বিসিবির

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক বিশেষ অধ্যায় যুক্ত হতে যাচ্ছে বুধবার। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুশফিকুর রহিমের ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচ। আর এই স্মরণীয় মুহূর্তটিকে আরও তাৎপর্যপূর্ণ করতে দারুণ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি জানিয়েছে, দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা বিনা মূল্যে স্টেডিয়ামে প্রবেশ করে ম্যাচটি উপভোগ করতে পারবেন। শিক্ষার্থীদের শুধু বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখা এবং ইউনিফর্ম পরে আসা বাধ্যতামূলক করা হয়েছে। এর বাইরে কোনো ধরনের টিকিট সংগ্রহের প্রয়োজন নেই।

এই সিদ্ধান্তের ফলে হাজারো তরুণ শিক্ষার্থীর সামনে আন্তর্জাতিক ক্রিকেটারদের কাছ থেকে সরাসরি খেলা দেখার বিরল সুযোগ তৈরি হলো। বিশেষ করে মুশফিকুর রহিমের শততম টেস্টকে কেন্দ্র করে স্টেডিয়াম জুড়ে বাড়তি উচ্ছ্বাসও দেখা যাচ্ছে।

বিসিবির এক কর্মকর্তা জানান, বাংলাদেশের অন্যতম সফল এই ক্রিকেটারের মাইলফলক স্পর্শকে স্মরণীয় করে রাখতেই এই বিশেষ আয়োজন। একইসঙ্গে তরুণ প্রজন্মকে ক্রিকেটের প্রতি উদ্বুদ্ধ করাও তাদের মূল লক্ষ্য।

এদিকে, মিরপুর স্টেডিয়ামে নিরাপত্তা নিশ্চিত করতে আলাদা নির্দেশনাও দেওয়া হয়েছে। স্টেডিয়ামে কোনো ধরনের ব্যাগ, বোতলজাত পানি, খাবার বা নিষিদ্ধ সামগ্রী আনা যাবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মুশফিকুর রহিমের শততম টেস্টকে সামনে রেখে ইতিমধ্যে সমগ্র ক্রিকেটাঙ্গনে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। দর্শকের প্রত্যাশা—এই মাইলফলকে স্মরণীয় পারফরম্যান্স উপহার দেবেন অভিজ্ঞ এই উইকেটরক্ষক-ব্যাটার।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ