ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ

২০২৫ নভেম্বর ১৭ ১৮:৪৯:০৬

দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ

নারী কাবাডি বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ দল। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আফ্রিকার শক্তিশালী দল উগান্ডাকে ৪২-২২ ব্যবধানে হারিয়ে জয় দিয়ে যাত্রা শুরু করে স্বাগতিক মেয়েরা।

ম্যাচের প্রথম দিকে উগান্ডা বেশ লড়াই করে বাংলাদেশকে চাপে রাখলেও প্রথমার্ধের শেষভাগে এগিয়ে যায় লাল-সবুজ জার্সিধারীরা। বিরতিতে বাংলাদেশের লিড ছিল ১৪-১২।

দ্বিতীয়ার্ধে আর প্রতিপক্ষকে ম্যাচে ফিরতে দেয়নি বাংলাদেশ। পয়েন্টের পর পয়েন্ট তুলে নিয়ে ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় স্বাগতিকরা। উগান্ডা যেখানে দ্বিতীয়ার্ধে পায় মাত্র ১০ পয়েন্ট, সেখানে বাংলাদেশ নেয় ২৮ পয়েন্ট। পুরো ম্যাচে দুইবার অলআউট করে প্রতিপক্ষকে।

জয়ের নায়ক (নায়িকা) হিসেবে ম্যাচসেরা নির্বাচিত হন বাংলাদেশের স্মৃতি আক্তার। নিজের প্রথম বিশ্বকাপকে স্মরণীয় করতে পেরে আবেগঘন প্রতিক্রিয়া জানান তিনি।

স্মৃতি বলেন, “প্রথম ম্যাচ জিতেছি—এটাই সবচেয়ে বড় আনন্দ। সামনে আরও গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। ইনশাআল্লাহ দলগত প্রচেষ্টায় বাংলাদেশকে পদক এনে দেব। দেশের হয়ে খেলতে পারা আমার জন্য গর্বের।”

আগামীকাল দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জার্মানি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত