ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

ভারতে হবে বিশ্বকাপ, সরে দাঁড়াল পাকিস্তান

২০২৫ অক্টোবর ২৪ ১৯:২৭:১৭

ভারতে হবে বিশ্বকাপ, সরে দাঁড়াল পাকিস্তান

২০২৫ সালের হকি বিশ্বে বড় ধাক্কা দিল পাকিস্তান। এশিয়া কাপের মতো এবারও আন্তর্জাতিক মঞ্চ থেকে সরে দাঁড়াল তারা। আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) আজ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, পাকিস্তান জুনিয়র হকি বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে।

আগামী নভেম্বর-ডিসেম্বরে ভারতের মাটিতে বসবে জুনিয়র হকি বিশ্বকাপের ১৪তম আসর। তবে টুর্নামেন্টে নিরপেক্ষ ভেন্যুতে খেলার দাবি জানিয়েছিল পাকিস্তান। এফআইএইচ সেই প্রস্তাবে সাড়া না দেওয়ায়, শেষ পর্যন্ত তারা টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়।

পাকিস্তান হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রানা মুজাহিদ বলেন,

“আমরা চেয়েছিলাম নিরপেক্ষ ভেন্যুতে আমাদের ম্যাচগুলো আয়োজন করা হোক। কিন্তু আমাদের অনুরোধ গ্রহণ করা হয়নি। ভারতের মাটিতে টুর্নামেন্ট হওয়ায় আমরা অংশ নিচ্ছি না — এতে আমাদের তরুণ খেলোয়াড়দের উন্নয়নে বাধা তৈরি হচ্ছে।”

অন্যদিকে, পাকিস্তানের সরে দাঁড়ানোর বিষয়ে এখনো অবগত নন হকি ইন্ডিয়ার সাধারণ সম্পাদক ভোলানাথ সিং। তিনি জানান,

“আমাদের কাছে এখনো এফআইএইচ-এর কোনো আনুষ্ঠানিক নোটিশ আসেনি। যদি পাকিস্তান না খেলে, তাহলে তাদের পরিবর্তে কোন দেশ খেলবে, সেটা আন্তর্জাতিক হকি ফেডারেশনই জানাবে।”

এর আগে চলতি বছরের আগস্টে বিহারে অনুষ্ঠিত পুরুষ এশিয়া কাপ থেকেও অংশগ্রহণ বাতিল করেছিল পাকিস্তান। ফলে মাত্র কয়েক মাসের ব্যবধানে দ্বিতীয়বার আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে নিজেদের নাম সরিয়ে নিল দেশটি।

দুই প্রতিবেশী দেশের ক্রীড়া সম্পর্কও এখন তলানিতে। এপ্রিলে পাহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারত সরকার নতুন নীতি গ্রহণ করেছে, যার আওতায় পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক ক্রীড়া ইভেন্ট আয়োজন করা যাবে না। তবে বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নিতে বাধা নেই।

২০২৫ সালের জুনিয়র হকি বিশ্বকাপে প্রথমবারের মতো ২৪টি দল অংশ নিচ্ছে। ভারতের চেন্নাই ও মাদুরাইতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি, চলবে ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত। পাকিস্তানের পরিবর্তে কে আসছে— সেই ঘোষণা শিগগিরই দেবে এফআইএইচ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত