ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপের স্বপ্ন ভাঙল দুর্নীতির দেয়ালে, আইসিসির সিদ্ধান্তে হতাশ ক্রিকেটপ্রেমীরা

২০২৫ অক্টোবর ৩০ ১৭:১৪:৩২

বিশ্বকাপের স্বপ্ন ভাঙল দুর্নীতির দেয়ালে, আইসিসির সিদ্ধান্তে হতাশ ক্রিকেটপ্রেমীরা

বাংলাদেশে আসন্ন নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন না হওয়াকে দেশের জন্য অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক হিসেবে দেখা হচ্ছে। ক্রিকেটবিশ্লেষকদের মতে, এর পেছনে কেবল রাজনৈতিক অস্থিরতা নয়, মূল কারণ দেশের ক্রিকেট অবকাঠামোর দুর্বলতা ও দীর্ঘদিনের প্রশাসনিক দুর্নীতি।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, বর্তমান সময়ে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজনের মতো পর্যাপ্ত অবকাঠামোগত সুবিধা নেই। অথচ দেশের ক্রিকেট বাজেট অনেক উন্নত ক্রিকেট খেলুড়ে দেশের সমান। বিশেষজ্ঞদের মতে, এই অবস্থার জন্য দায়ী পরিকল্পনার অভাব, অব্যবস্থাপনা এবং দুর্নীতিপূর্ণ প্রকল্প বাস্তবায়ন।

স্টেডিয়াম উন্নয়নের নামে ব্যয়ের অস্বাভাবিকতা ও অনিয়মের অভিযোগও উঠেছে। জানা গেছে, বিভিন্ন যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়ে প্রকৃত দামের তুলনায় অনেক বেশি অর্থ ব্যয় দেখানো হয়েছে। অনেক ক্ষেত্রে নিম্নমানের কাজের বিপরীতে অতিরিক্ত বিল অনুমোদনেরও অভিযোগ রয়েছে।

ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, মিরপুরসহ দেশের বিভিন্ন আন্তর্জাতিক ভেন্যুতে অব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের ঘাটতি স্পষ্ট। তাঁদের মতে, এমন পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজন হলে তা দেশের ভাবমূর্তির জন্য আরও বড় ধাক্কা হতো। তাই এবার আয়োজন না হওয়াকে অনেকেই ‘শাপে বর’ হিসেবে দেখছেন।

তাঁরা মনে করছেন, ভবিষ্যতে আন্তর্জাতিক আসর আয়োজনের আগে দেশের ক্রিকেট প্রশাসনে সংস্কার আনতে হবে। দুর্নীতিমুক্ত ও দক্ষ ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা ছাড়া অবকাঠামোগত উন্নয়ন সম্ভব নয়।

বিশ্লেষকদের প্রত্যাশা, ক্রিকেট বোর্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে বাংলাদেশ আবারও বড় টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পাবে। বিশেষ করে ২০৩১ সালের পুরুষ বিশ্বকাপকে সামনে রেখে এখনই প্রস্তুতি শুরু করার পরামর্শ দিচ্ছেন তাঁরা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ