ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সৌদিতে প্রবাসীদের জন্য সুখবর

২০২৫ অক্টোবর ০৬ ২২:০৪:৪৭

সৌদিতে প্রবাসীদের জন্য সুখবর

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য দারুণ সুখবর দিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। দাম্মাম ও আশপাশের এলাকায় বসবাসরত প্রবাসীদের জন্য ঘোষণা দেওয়া হয়েছে বিশেষ কন্স্যুলার সেবা কার্যক্রমের।

এই ভ্রাম্যমাণ সেবা ক্যাম্পটি অনুষ্ঠিত হবে আগামী ১০ ও ১১ অক্টোবর (শুক্র ও শনিবার), সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, দাম্মামের ফয়সালিয়া এলাকার ইন্ডেরাহা আল আসিমাহ কমিউনিটি সেন্টারে।

দূতাবাস সূত্রে জানা গেছে, এই সেবা ক্যাম্পে প্রবাসীরা ই-পাসপোর্ট আবেদন, প্রবাসী কল্যাণ কার্ড তৈরি, স্পেশাল এক্সিট প্রোগ্রামের (SEP) আবেদনসহ নানা ধরনের শ্রম ও কল্যাণমূলক সেবা পাবেন।

ই-পাসপোর্টের জন্য আবেদনকারীদের অনলাইনে পূরণকৃত ফর্মের প্রিন্ট কপি, জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্মনিবন্ধন সনদ সঙ্গে আনতে হবে। এছাড়া ট্রাভেল পারমিট, ডকুমেন্ট সত্যায়ন, আমমোক্তারনামা প্রদান ও আইনি পরামর্শ সেবাও পাওয়া যাবে এই ক্যাম্পে।

আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো— সোনালী ব্যাংকের মাধ্যমে বিনামূল্যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ই-ওয়ালেট রেজিস্ট্রেশন এবং ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগের সুযোগও থাকবে সেখানে।

রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,

“প্রবাসীদের দোরগোড়ায় সহজ ও দ্রুত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই বিশেষ কন্স্যুলার সেবা আয়োজন করা হয়েছে।”

দূতাবাসের এই উদ্যোগ সৌদি আরবে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য নিঃসন্দেহে বড় একটি স্বস্তির খবর।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত