ঢাকা, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে শিক্ষা বোর্ড

২০২৬ জুলাই ২৬ ১৮:০৮:৩৮

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে শিক্ষা বোর্ড

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় রয়েছে দেশের ১৮ লাখ ৫৭ হাজারেরও বেশি শিক্ষার্থী। নির্ধারিত সময় পার হলেও ফল প্রকাশ না হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছিল। তবে এবার ফল প্রকাশ নিয়ে আশার খবর দিয়েছে শিক্ষা বোর্ড।

শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সব প্রস্তুতি নির্ধারিত সময়ের মধ্যে শেষ হলে আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। তবে এ বিষয়ে এখনো শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমোদন বাকি রয়েছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকতারুজ্জামান গণমাধ্যমকে জানিয়েছেন, বোর্ডগুলো ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফলাফল প্রস্তুতের কাজ শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করছে। এরপর শিক্ষা মন্ত্রণালয় যে তারিখ নির্ধারণ করবে, সেদিনই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

তিনি বলেন, আগে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হলেও বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। বর্তমানে ফল প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে রয়েছে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, যদি ২৮ জুলাইয়ের মধ্যে সব শিক্ষা বোর্ড ফল প্রস্তুতের কাজ সম্পন্ন করতে পারে, তাহলে ৩০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনাই সবচেয়ে বেশি।

উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পরীক্ষায় অংশ নিয়েছে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী অংশ নেয়।

নিয়ম অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বিধান থাকলেও এ বছর সেই সময়সীমা অতিক্রম করেছে। তবে শিক্ষা বোর্ড জানিয়েছে, ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত অনুমোদন পেলেই ফল প্রকাশ করা হবে।

শিক্ষার্থীদের প্রতি পরামর্শ, ফল প্রকাশের তারিখ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের গুজব বা অনির্ভরযোগ্য তথ্যের ওপর নির্ভর না করে শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ঘোষণার দিকে নজর রাখুন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

মেসির জন্য সুখবর

মেসির জন্য সুখবর

মেজর লিগ সকার (এমএলএস) অল-স্টার ম্যাচকে ঘিরে দীর্ঘদিনের একটি বিতর্কিত নিয়মে পরিবর্তন আনা হয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে অল-স্টার ম্যাচে... বিস্তারিত