ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

ভারতে কাঁপাতে আসছে ব্রাজিল! আলোচনায় বাংলাদেশও

২০২৬ জুলাই ২৫ ১৯:০৮:১৩

ভারতে কাঁপাতে আসছে ব্রাজিল! আলোচনায় বাংলাদেশও

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দলকে প্রথমবারের মতো ভারতে আনার উদ্যোগ জোরালোভাবে এগোচ্ছে। ব্রাজিলের সংবাদমাধ্যম ইএসপিএন ব্রাজিলের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি বছরের অক্টোবর মাসে ‘সুপার ফিফা উইন্ডো’র অংশ হিসেবে এশিয়ায় একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে চায় সেলেসাওরা। সেই ম্যাচ আয়োজন নিয়ে ভারতের সঙ্গে ইতোমধ্যে আলোচনা চলছে। একই সঙ্গে সম্ভাব্য আয়োজক হিসেবে বাংলাদেশ, সিঙ্গাপুর ও কাতারের নামও আলোচনায় রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে ব্রাজিল। ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে মাঠে নামার কথা রয়েছে ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া ও দলের অন্যান্য তারকাদের। এরপর অক্টোবরের শুরুতে এশিয়ায় আরেকটি ম্যাচ খেলতে চায় ব্রাজিল ফুটবল কনফেডারেশন।

ভারতে ম্যাচটি অনুষ্ঠিত হলে সবচেয়ে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে কলকাতাকে। যদিও এখনো প্রতিপক্ষ দল কিংবা ম্যাচের চূড়ান্ত সূচি ঘোষণা করা হয়নি। আয়োজক দেশ নিয়েও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, এই মুহূর্তে ভারতের সঙ্গেই আলোচনা সবচেয়ে বেশি এগিয়েছে।

বাংলাদেশের নাম সম্ভাব্য আয়োজক হিসেবে উঠে আসায় দেশের ফুটবলপ্রেমীদের মধ্যেও নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। যদিও বাংলাদেশে ম্যাচ আয়োজনের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। সবকিছুই প্রাথমিক আলোচনা পর্যায়ে রয়েছে।

বিশ্বকাপ-পরবর্তী সময়ে ভারতে ফুটবল উন্মাদনা বেড়ে যাওয়াকে ব্রাজিলের সম্ভাব্য সফরের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপ চলাকালে কলকাতাজুড়ে ব্রাজিলকে ঘিরে ব্যাপক উৎসবের আবহ তৈরি হয়েছিল। শহরের বিভিন্ন এলাকায় ব্রাজিলের পতাকা, দেয়ালচিত্র এবং ভিনিসিয়ুস জুনিয়রসহ তারকা ফুটবলারদের গ্রাফিতি ফুটবলপ্রেমীদের দৃষ্টি কেড়েছিল।

ভারতে ব্রাজিলিয়ান কিংবদন্তিদের সফরের ইতিহাসও বেশ সমৃদ্ধ। ১৯৭৭ সালে কিংবদন্তি পেলে নিউইয়র্ক কসমসের হয়ে কলকাতার ইডেন গার্ডেন্সে মোহনবাগানের বিপক্ষে খেলেছিলেন। সেই দলে ছিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক কার্লোস আলবার্তোও। পরে ২০১৫ সালে আবার ভারত সফরে আসেন পেলে। আর ২০২৩ সালে কলকাতায় সফর করেছিলেন আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো।

এবার যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তাহলে প্রথমবারের মতো দল হিসেবে ভারতের মাটিতে খেলতে দেখা যেতে পারে ব্রাজিল জাতীয় ফুটবল দলকে। একই সঙ্গে বাংলাদেশে ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়েও ফুটবল অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ