ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল নিয়ে স্কালোনির বার্তা

২০২৬ জুলাই ১৩ ১১:৩৬:২১

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল নিয়ে স্কালোনির বার্তা

সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে সামনে অপেক্ষা করছে আরেকটি কঠিন পরীক্ষা। শেষ চারে প্রতিপক্ষ ইংল্যান্ডকে নিয়ে বাড়তি আবেগ বা ইতিহাসের প্রসঙ্গ সামনে আনতে চান না আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তার মতে, এই লড়াইকে অন্যভাবে দেখার কোনো কারণ নেই, এটি কেবল একটি ফুটবল ম্যাচ।

কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার-ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছিল আর্জেন্টিনা। ম্যাচের ১০ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে এগিয়ে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে দান এনদোয়ে গোল করে সুইজারল্যান্ডকে ম্যাচে ফিরিয়ে আনেন।

এর কিছুক্ষণ পরই বড় ধাক্কা খায় সুইসরা। ব্রেল এমবোলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড। সংখ্যাগত সুবিধা পেলেও নির্ধারিত সময়ে জয়ের গোল আদায় করতে পারেনি আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের ১১২তম মিনিটে হুলিয়ান আলভারেস দুর্দান্ত এক গোল করে আর্জেন্টিনাকে আবারও এগিয়ে দেন। এরপর যোগ করা সময়ে বদলি হিসেবে মাঠে নেমে লাউতারো মার্তিনেজ তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন। ৩-১ ব্যবধানের এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা।

এবার তাদের সামনে ইংল্যান্ড। বিশ্ব ফুটবলের অন্যতম ঐতিহাসিক এই প্রতিদ্বন্দ্বিতা নতুন মাত্রা পাবে সেমিফাইনালে। দুই দেশের ফুটবল লড়াই বহুবার আলোচনায় এসেছে, বিশেষ করে ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধ এবং ১৯৮৬ বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার স্মরণীয় পারফরম্যান্সের কারণে এই ম্যাচের আলাদা গুরুত্ব রয়েছে।

তবে স্কালোনি অতীতের সেই ঘটনাগুলোকে বর্তমানের ম্যাচের সঙ্গে মেলাতে নারাজ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি নিয়ে তার দৃষ্টিভঙ্গি খুবই পরিষ্কার। এটি শুধুই একটি ফুটবল ম্যাচ। তিনি বলেন, প্রতিপক্ষ অত্যন্ত শক্তিশালী, তাদের একজন দক্ষ কোচ রয়েছে এবং ম্যাচটি জিততে হলে নিজেদের সর্বোচ্চটা দিতে হবে। এর বাইরে অন্য কোনো বিষয়কে তিনি গুরুত্ব দিতে চান না।

আর্জেন্টাইন কোচ আরও বলেন, তার দল সুইজারল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে মূলত জয়ের তীব্র ইচ্ছাশক্তির কারণে। খেলোয়াড়রা কোনোভাবেই ম্যাচটি টাইব্রেকারে নিতে চায়নি। সেই মানসিক শক্তিই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিয়েছে।

স্কালোনি মনে করেন, বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা মোটেও সহজ নয়। অনেক সময় এই অর্জনকে স্বাভাবিকভাবে দেখা হলেও বাস্তবে এখানে পৌঁছাতে কঠিন পথ পাড়ি দিতে হয়। তাই সেমিফাইনালে ওঠায় তিনি সন্তুষ্ট হলেও এখন পুরো মনোযোগ ইংল্যান্ড ম্যাচে।

তিনি বলেন, দলের প্রত্যেক খেলোয়াড় শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। ফাইনালে ওঠার জন্য তারা নিজেদের সর্বোচ্চ শক্তি, সামর্থ্য এবং পরিশ্রম উজাড় করে দেবে। সফল হলে সেটি হবে দারুণ অর্জন, আর যদি ব্যর্থও হয়, তাহলে অন্তত এই আক্ষেপ থাকবে না যে তারা চেষ্টা করেনি।

আগামী বুধবার আটলান্টায় অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল। ফুটবল বিশ্বের দুই পরাশক্তির এই লড়াই ঘিরে ইতোমধ্যেই বিশ্বজুড়ে বাড়ছে উত্তেজনা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ