ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

এক ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন মেসি

২০২৬ জুলাই ১০ ০১:১৭:১৩

এক ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন মেসি

২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়ে কোয়ার্টার ফাইনালে তুলেছেন লিওনেল মেসি। তবে বিশ্বকাপের ব্যস্ত সূচির মাঝেই নতুন এক আলোচনায় উঠে এসেছে তার ক্লাব ক্যারিয়ার। আর্জেন্টিনা যদি বিশ্বকাপের ফাইনালে ওঠে, তাহলে টুর্নামেন্ট শেষ হওয়ার পর মেজর লিগ সকার (এমএলএস)-এর এক ম্যাচের নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে পারেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা।

বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ১৯ জুলাই। এরপর মাত্র ১০ দিন পর, ২৯ জুলাই অনুষ্ঠিত হবে ২০২৬ এমএলএস অল-স্টার ম্যাচ। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার শার্লটে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে এবারও নির্বাচিত হয়েছেন মেসি। তবে আর্জেন্টিনা যদি ফাইনাল খেলে, দীর্ঘ ও ক্লান্তিকর টুর্নামেন্ট শেষে বিশ্রামের প্রয়োজনের কারণে তিনি অল-স্টার ম্যাচে না-ও খেলতে পারেন।

সেখানেই তৈরি হতে পারে জটিলতা। এমএলএসের বর্তমান নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় অনুমোদিত চিকিৎসাজনিত কারণ ছাড়া অল-স্টার ম্যাচে অংশ না নিলে পরবর্তী লিগ ম্যাচে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা পান। ফলে মেসি অল-স্টার ম্যাচে অনুপস্থিত থাকলে নিয়ম অনুযায়ী শাস্তির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে একই ধরনের ঘটনার মুখোমুখি হয়েছেন মেসি। গত মৌসুমে ক্লান্তির কারণে অল-স্টার ম্যাচে খেলেননি তিনি ও তার ইন্টার মায়ামি সতীর্থ জর্দি আলবা। পরে এমএলএস কর্তৃপক্ষ দুজনকেই একটি করে লিগ ম্যাচে নিষিদ্ধ করেছিল। সেই সিদ্ধান্ত নিয়ে তখন ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল।

তবে এবার পরিস্থিতি ভিন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, বিশ্বকাপের ফাইনাল খেলে ফিরলে খেলোয়াড়দের বিশ্রামের প্রয়োজনীয়তা অনেক বেশি থাকবে। সে কারণে এমএলএস কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় সিদ্ধান্ত নিতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে আলোচনা চলছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

এবারের এমএলএস অল-স্টার দলে মেসির পাশাপাশি জায়গা পেয়েছেন তার নতুন ইন্টার মায়ামি সতীর্থ রদ্রিগো ডি পল। এছাড়া জার্মান তারকা থমাস মুলার এবং দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং-মিনও এই ম্যাচে অংশ নেওয়ার কথা রয়েছে। এমএলএস অল-স্টার একাদশের প্রতিপক্ষ হবে মেক্সিকোর লিগা এমএক্স অল-স্টার দল।

এদিকে বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে এখন সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের চ্যালেঞ্জ। এই ম্যাচে জয় পেলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ছন্দে থাকা মেসি ইতোমধ্যে ৮ গোল করে দলের আক্রমণভাগের সবচেয়ে বড় ভরসা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত