ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

কমেছে সোনার দাম, আজ যে দামে বিক্রি হচ্ছে ২২, ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণ

২০২৬ জুন ২৬ ১১:৩৩:১২

কমেছে সোনার দাম, আজ যে দামে বিক্রি হচ্ছে ২২, ২১ ও ১৮ ক্যারেটের স্বর্ণ

দেশের স্বর্ণবাজারে আবারও দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। শুক্রবার (২৬ জুন) থেকে এই নতুন মূল্য কার্যকর রয়েছে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব অনুমোদিত জুয়েলারি প্রতিষ্ঠানে একই দাম অনুসরণ করা হবে।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি সোনা বা বিশুদ্ধ স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দামে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে স্বর্ণালঙ্কার কেনার সময় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজের ওপর নির্ভর করে মজুরি যুক্ত হবে।

বর্তমান মূল্য তালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম রাখা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

বাজুস আরও জানিয়েছে, অলঙ্কার এক্সচেঞ্জ বা পুরোনো সোনা বিক্রির ক্ষেত্রে পূর্বের নিয়মই বহাল থাকবে। এ ক্ষেত্রে নির্ধারিত মজুরি, ভ্যাট ও পাথরের মূল্য বাদ দিয়ে হিসাব করা হবে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামার প্রভাব সরাসরি দেশের বাজারেও পড়ছে। তাই আগামী দিনগুলোতে বৈশ্বিক বাজার পরিস্থিতির ওপর নির্ভর করে সোনার দামে আবারও পরিবর্তন আসতে পারে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ