ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

স্টোকস-স্মিথের ব্যাটিং পজিশন বদল করে দিলো ইংল্যান্ড

২০২৬ মে ৩০ ২০:৪৫:১৮

স্টোকস-স্মিথের ব্যাটিং পজিশন বদল করে দিলো ইংল্যান্ড

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে ব্যাটিং অর্ডারে গুরুত্বপূর্ণ পরিবর্তনের পরিকল্পনা করছে ইংল্যান্ড। আগামী ৪ জুন লর্ডসে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে অধিনায়ক বেন স্টোকস এবং উইকেটকিপার ব্যাটসম্যান জেমি স্মিথের ব্যাটিং অবস্থান বদলের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে টিম ম্যানেজমেন্ট।

ইংল্যান্ডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম জানিয়েছেন, স্টোকসকে বর্তমান ছয় নম্বর থেকে সাত নম্বরে নামিয়ে আনার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দারুণ ফর্মে থাকা জেমি স্মিথকে ছয় নম্বরে ব্যাট করার সুযোগ দেওয়া হতে পারে। বিষয়টি নিয়ে কোচিং স্টাফ ও নির্বাচকদের মধ্যে আলোচনা চলছে বলে নিশ্চিত করেছেন তিনি।

২০২২ সালে টেস্ট দলের অধিনায়ক হওয়ার পর থেকে নিয়মিত ছয় নম্বরে ব্যাট করে আসছেন বেন স্টোকস। তবে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি এই অলরাউন্ডার। সর্বশেষ অ্যাশেজ সিরিজে পাঁচ টেস্টে মাত্র ১৮৪ রান করলেও বল হাতে ১৫ উইকেট নিয়ে দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ফলে তাকে বোলিংয়ে আরও কার্যকরভাবে ব্যবহার করতে ব্যাটিং অর্ডারে পরিবর্তনের চিন্তা করছে ইংল্যান্ড।

অন্যদিকে জেমি স্মিথ চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ফর্মে রয়েছেন। তিন নম্বরে ব্যাট করে দুটি সেঞ্চুরিসহ ৪৫০ রান করেছেন তিনি। তার ধারাবাহিক পারফরম্যান্সই তাকে মিডল অর্ডারে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার পথ তৈরি করেছে।

ব্রেন্ডন ম্যাককালাম বলেন, জেমি স্মিথ ও বেন স্টোকসের ব্যাটিং অবস্থান পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। দুজনই নিজেদের সেরাটা দিতে সক্ষম এবং দলের জন্য সবচেয়ে কার্যকর সিদ্ধান্তই নেওয়া হবে। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

এদিকে আইপিএল শেষে দেশে ফেরা জোফরা আর্চারকে নিয়েও সতর্ক অবস্থানে রয়েছে ইংল্যান্ড। ইনজুরি ঝুঁকি এড়াতে এবং দীর্ঘমেয়াদে তিন ফরম্যাটে তাকে পাওয়ার লক্ষ্যেই প্রথম টেস্টে বিশ্রামে রাখা হতে পারে এই গতিতারকাকে।

চোট কাটিয়ে দলে ফেরার পথে রয়েছেন তরুণ ব্যাটার জ্যাকব বেথেল। তাকে তিন নম্বরে খেলানোর পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি স্পিন বিভাগে প্রধান স্পিনার হিসেবে শোয়েব বশিরের ফেরার সম্ভাবনাও জোরালো হয়েছে।

নিউজিল্যান্ড সিরিজের আগে ইংল্যান্ডের এই সম্ভাব্য পরিবর্তনগুলো ক্রিকেটপ্রেমীদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, লর্ডস টেস্টে শেষ পর্যন্ত কোন কম্বিনেশন নিয়ে মাঠে নামে স্বাগতিকরা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ