ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

‘পাকিস্তানের গোপন তথ্য বাংলাদেশকে দিচ্ছেন মুশতাক’

২০২৬ মে ২০ ১৮:১৯:৩৬

‘পাকিস্তানের গোপন তথ্য বাংলাদেশকে দিচ্ছেন মুশতাক’

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ফয়সাল ইকবাল। বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে তিনি দাবি করেছেন, পাকিস্তান দলের ভেতরের বিভিন্ন তথ্য বাংলাদেশকে সরবরাহ করছেন কিংবদন্তি এই লেগ স্পিনার।

প্রায় দুই বছর ধরে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মুশতাক আহমেদ। এর পাশাপাশি বিভিন্ন সময় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের অধীনে ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারেও কাজ করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের অন্যতম সফল স্পিনার হিসেবে পরিচিত মুশতাক কোচ হিসেবেও ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন দীর্ঘ সময়।

তবে শুরু থেকেই বাংলাদেশের সঙ্গে মুশতাকের কাজ করা ভালোভাবে নেননি পাকিস্তানের সাবেক ব্যাটার ফয়সাল ইকবাল। বিশেষ করে ২০২৫ এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সাফল্যের সময় মুশতাককে বাংলাদেশের ড্রেসিংরুমে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার দেশপ্রেম নিয়েও প্রশ্ন তোলেন ফয়সাল।

সাম্প্রতিক বাংলাদেশ-পাকিস্তান সিরিজে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের পর আবারও বিষয়টি সামনে এনেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ফয়সাল অভিযোগ করেন, দীর্ঘদিন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত থেকেও দেশের ক্রিকেটে উল্লেখযোগ্য কোনো উন্নতি আনতে পারেননি মুশতাক। বরং এখন বাংলাদেশ দলের সঙ্গে কাজ করে পাকিস্তানের অভ্যন্তরীণ তথ্য প্রতিপক্ষকে দিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে বলে দাবি করেন তিনি।

ফয়সাল আরও বলেন, মুশতাক আহমেদের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি “বিশেষ” চুক্তি রয়েছে, যা জনসমক্ষে প্রকাশ করা উচিত। তার মতে, এই ধরনের চুক্তি পাকিস্তানের ক্রিকেটারদের প্রতি অন্যায় এবং এতে দেশের ক্রিকেট কোনো বাস্তব উপকার পাচ্ছে না। একই সঙ্গে পিসিবির কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার দাবিও জানান তিনি।

অন্যদিকে ক্রিকেট বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, আন্তর্জাতিক ক্রিকেটে কোচদের বিভিন্ন দেশের সঙ্গে কাজ করা খুবই স্বাভাবিক বিষয়। আধুনিক ক্রিকেটে কোচিং ও টেকনিক্যাল বিশ্লেষণ এখন পেশাদার পর্যায়ে পৌঁছেছে। তাই কোনো কোচ ভিন্ন দেশের সঙ্গে কাজ করলেই সেটিকে বিতর্ক হিসেবে দেখার সুযোগ সীমিত।

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টানা ব্যর্থতার পর দেশটির ক্রিকেট অঙ্গনে সমালোচনার ঝড় বইছে। সেই হতাশা থেকেই মুশতাক আহমেদকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকেই।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ