ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

নেইমারকে ঘিরে আনচেলত্তির ব্রাজিল, বিশ্বকাপে কেমন হতে পারে সম্ভাব্য একাদশ

মো : মারুফ হোসেন
মো : মারুফ হোসেন

সিনিয়র রিপোর্টার

২০২৬ মে ১৯ ১৭:৩৬:০৭

নেইমারকে ঘিরে আনচেলত্তির ব্রাজিল, বিশ্বকাপে কেমন হতে পারে সম্ভাব্য একাদশ

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল দলে সবচেয়ে বড় আলোচনার নাম ছিল নেইমার। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তারকাখচিত ২৬ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে নেইমারকে ঘিরেই সাজতে যাচ্ছে ব্রাজিলের আক্রমণভাগ।

স্কোয়াড ঘোষণার পর সংবাদ সম্মেলনে আনচেলত্তি পরিষ্কারভাবে জানিয়েছেন, নেইমারকে তিনি একজন সেন্ট্রাল অ্যাটাকিং প্লেমেকার হিসেবে দেখছেন। মূল স্ট্রাইকারের পেছনে থেকে আক্রমণ পরিচালনা করবেন নেইমার। ফলে গোল করানোর পাশাপাশি গোল করার দায়িত্বও থাকবে তার কাঁধে।

গোলপোস্টের নিচে প্রথম পছন্দ হিসেবে থাকছেন লিভারপুলের অভিজ্ঞ গোলরক্ষক অ্যালিসন বেকার। রক্ষণভাগে ইনজুরির কারণে কিছুটা দুশ্চিন্তা থাকলেও মারকুইনহোস ও গ্যাব্রিয়েল মাঘায়েসকে নিয়েই সেন্টার ব্যাক জুটি গড়তে পারেন আনচেলত্তি। ডানপ্রান্তে ওয়েসলি এবং বাঁ দিকে অ্যালেক্স সান্দ্রোকে দেখা যেতে পারে।

মিডফিল্ডে অভিজ্ঞতা ও ভারসাম্যের জন্য ক্যাসেমিরো এবং ব্রুনো গিমারেস প্রায় নিশ্চিত। এই দুজনের দায়িত্ব থাকবে মাঝমাঠ নিয়ন্ত্রণের পাশাপাশি আক্রমণ ও রক্ষণে সংযোগ তৈরি করা।

আক্রমণভাগে দুই উইঙ্গে থাকবেন দুর্দান্ত ফর্মে থাকা রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র। স্ট্রাইকার হিসেবে সুযোগ পেতে পারেন ম্যাথিউস কুনহা। আর তার ঠিক পেছনে থাকবেন নেইমার, যিনি পুরো আক্রমণভাগের নেতৃত্ব দেবেন।

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ৩১ মে মারাকানায় পানামার বিপক্ষে এবং ৬ জুন যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে মিশরের মুখোমুখি হবে সেলেসাওরা। এই ম্যাচগুলোতেই আনচেলত্তির মূল পরিকল্পনার অনেকটাই পরিষ্কার হয়ে যাবে।

সম্ভাব্য একাদশ:অ্যালিসন; ওয়েসলি, মারকুইনহোস, গ্যাব্রিয়েল মাঘায়েস, অ্যালেক্স সান্দ্রো; ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস; রাফিনিয়া, নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র; ম্যাথিউস কুনহা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত