ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

বাড়লো তেলের দাম, নতুন লিটারপ্রতি মূল্য কত জানুন

২০২৬ মে ১৯ ১৫:১১:০৯

বাড়লো তেলের দাম, নতুন লিটারপ্রতি মূল্য কত জানুন

দেশের জ্বালানি বাজারে আবারও বাড়ানো হলো ফার্নেস অয়েলের দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন মূল্য নির্ধারণ করে জানিয়েছে, আজ ১৮ মে মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম এক ধাক্কায় ১৮ টাকা ৮৫ পয়সা বৃদ্ধি পেয়েছে।

নতুন মূল্য অনুযায়ী এখন প্রতি লিটার ফার্নেস অয়েল কিনতে খরচ হবে ১১৩ টাকা ৫৪ পয়সা। এর আগে এই জ্বালানির দাম ছিল ৯৪ টাকা ৬৯ পয়সা। মাত্র এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম বাড়ানো হলো শিল্প ও বিদ্যুৎখাতে বহুল ব্যবহৃত এই জ্বালানি তেলের।

বিইআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং মার্কিন ডলারের বিনিময় হার পরিবর্তনের কারণে নতুন মূল্য সমন্বয় করা হয়েছে। ১৩ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত আমদানি করা পরিশোধিত ফার্নেস অয়েলের আন্তর্জাতিক বাজারদর এবং ডলারের বর্তমান রেট বিবেচনায় এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ১২ এপ্রিলও ফার্নেস অয়েলের দাম বাড়ানো হয়েছিল। তখন প্রতি লিটারে প্রায় ২৪ টাকা বৃদ্ধি করে মূল্য নির্ধারণ করা হয় ৯৪ টাকা ৬৯ পয়সা। ধারাবাহিক এই মূল্যবৃদ্ধি শিল্পখাত, বিদ্যুৎ উৎপাদন এবং পরিবহন খাতে নতুন চাপ তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, ফার্নেস অয়েলের দাম নির্ধারণে গত মার্চ মাসে একটি বিশেষ কমিটি গঠন করা হয়। ওই কমিটি আন্তর্জাতিক বাজারের প্লাটস রেট, ক্রুড অয়েলের এফওবি মূল্য এবং ডলারের বিনিময় হার বিশ্লেষণ করে কমিশনের কাছে সুপারিশ জমা দেয়। পরে বিশেষ কমিশন সভায় সেই সুপারিশ অনুমোদন করা হয়।

বিশেষজ্ঞদের মতে, জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধির প্রভাব শিল্পপণ্য উৎপাদন ব্যয় এবং বিদ্যুতের খরচের ওপরও পড়তে পারে। ফলে বাজারে নিত্যপণ্যের দামেও পরোক্ষ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত