ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ট্রাম্পের নতুন প্রস্তাব, ২০ বছরের শর্তে আলোচনার ইঙ্গিত

২০২৬ মে ১৫ ২৩:১৭:০০

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ট্রাম্পের নতুন প্রস্তাব, ২০ বছরের শর্তে আলোচনার ইঙ্গিত

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, তেহরান যদি বাস্তবসম্মতভাবে ২০ বছরের জন্য তাদের পরমাণু অস্ত্র কর্মসূচি স্থগিত রাখার নিশ্চয়তা দেয়, তাহলে যুক্তরাষ্ট্র বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করতে পারে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, “২০ বছর যথেষ্ট। তবে তাদের পক্ষ থেকে যে নিশ্চয়তা দেওয়া হবে, সেটি সত্যিকারের ২০ বছরের নিশ্চয়তা হতে হবে।”

দীর্ঘদিন ধরেই ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন বরাবরই দাবি করে এসেছে, ইরানকে স্থায়ীভাবে পারমাণবিক কার্যক্রম সীমিত করতে হবে। তবে এবার প্রথমবারের মতো নির্দিষ্ট সময়সীমাভিত্তিক একটি প্রস্তাব সামনে আনলেন ট্রাম্প।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এই অবস্থান আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষ করে ইরান যদি আলোচনায় ইতিবাচক সাড়া দেয়, তাহলে ওয়াশিংটন-তেহরান সম্পর্ক নতুন মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ট্রাম্প আগেও বলেছেন, ভবিষ্যতের কোনো মার্কিন প্রশাসনের জন্য তিনি এই সংকট রেখে যেতে চান না। তাই ইরানের সঙ্গে একটি কার্যকর ও দীর্ঘমেয়াদি সমঝোতায় পৌঁছানোই তার প্রধান লক্ষ্য।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত