ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

ইফতারের আগে যে তিন বাক্তির দোয়া আল্লাহ কখনও ফেরান না

২০২৬ ফেব্রুয়ারি ১৯ ১৯:৫৪:২২

ইফতারের আগে যে তিন বাক্তির দোয়া আল্লাহ কখনও ফেরান না

মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য বিশেষ নেয়ামত হলো পবিত্র রমজান মাস। এ মাসে রোজা রাখা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিমের ওপর ফরজ। রমজান শুধু সংযমের মাস নয়, বরং ইবাদত, তওবা ও দোয়া কবুলের মাস।

হাদিসে বর্ণিত হয়েছে, কিছু ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করেন না। মহানবী মুহাম্মদ (সা.) বলেছেন,‘তিন ব্যক্তির দোয়া অগ্রাহ্য করা হয় না—পিতার দোয়া, রোজাদারের দোয়া এবং মুসাফিরের দোয়া।’ (বাইহাকী, সিলসিলাহ সহীহাহ)

এ হাদিস থেকে স্পষ্ট হয়, রোজাদারের দোয়া বিশেষ মর্যাদাপূর্ণ। আর রোজার সময়ের মধ্যে ইফতারের আগ মুহূর্তকে দোয়া কবুলের অন্যতম উত্তম সময় হিসেবে উল্লেখ করেছেন আলেমরা।

ইফতারের আগে কেন দোয়া কবুলের সম্ভাবনা বেশি?

দিনভর ক্ষুধা ও পিপাসায় ক্লান্ত রোজাদার যখন ইফতারের অপেক্ষায় থাকেন, তখন তার অন্তর থাকে বিনয়ী ও নরম। এ সময় বান্দা আল্লাহর প্রতি বেশি নির্ভরশীল হয়ে পড়ে। ইসলামী শিক্ষায় বলা হয়েছে, দুর্বলতা ও কষ্টের মুহূর্তে করা দোয়া আল্লাহর কাছে অধিক গ্রহণযোগ্য হয়।

আরেকটি হাদিসে এসেছে—‘ইফতারের সময় রোজাদারের জন্য এমন একটি দোয়া রয়েছে যা ফিরিয়ে দেওয়া হয় না।’ (ইবনে মাজাহ, হাকিম)

এই হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসদের মাঝে কিছু মতভেদ রয়েছে। তবে অনেক আলেম এটিকে হাসান বা গ্রহণযোগ্য বলেছেন। এমনকি কেউ জঈফ বললেও, রোজাদারের দোয়া কবুল হওয়ার ব্যাপারে অন্যান্য সহীহ হাদিসের সমর্থন রয়েছে।

কী করা উচিত?

রমজানে শুধু ইফতারের সময় নয়, সারা দিনই দোয়ার সুযোগ রয়েছে। তবে বিশেষ করে ইফতারের আগ মুহূর্তটিকে গুরুত্ব দেওয়া উচিত। এ সময় নিজের জন্য, পরিবার, সমাজ ও উম্মাহর কল্যাণে বেশি বেশি দোয়া করা উত্তম।

রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। তাই এ মাসে দোয়ার সুযোগকে হাতছাড়া না করে আল্লাহর নিকট একান্তভাবে প্রার্থনা করাই মুমিনের করণীয়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত