ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

জাহানারার ইস্যু, আদালতের রুলের পর নড়েচড়ে বসলো বিসিবি,তদন্ত প্রতিবেদন জমা

২০২৬ ফেব্রুয়ারি ০৩ ০৭:২৩:৩০

জাহানারার ইস্যু, আদালতের রুলের পর নড়েচড়ে বসলো বিসিবি,তদন্ত প্রতিবেদন জমা

বাংলাদেশ নারী ক্রিকেটের আলোচিত ঘটনার তদন্ত প্রতিবেদন অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাতে পৌঁছেছে। দীর্ঘ কয়েক দফা সময়সীমা বাড়ানোর পর গঠিত তদন্ত কমিটি তাদের রিপোর্ট আনুষ্ঠানিকভাবে বিসিবির কাছে জমা দিয়েছে।

জাতীয় দলের পেসার জাহানারা আলম কয়েক মাস আগে ব্যক্তিগত ও পেশাগত নানা বিষয়ে অভিযোগ তুলে ধরেন। অভিযোগগুলোকে গুরুত্ব দিয়ে বিসিবি প্রথমে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। পরবর্তীতে আরও দুইজন বিশেষজ্ঞকে যুক্ত করে কমিটিকে পাঁচ সদস্যে উন্নীত করা হয়।

তদন্ত কমিটিতে ছিলেন—

বিসিবি পরিচালক রুবাবা দৌলা,

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম,

জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা,

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ড. নাইমা হক,

সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান।

জাহানারাকে বিসিবির পক্ষ থেকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে লিখিত অভিযোগ জমা দিতে বলা হয়। কয়েক দফা সময় বাড়ানোর পর তিনি আনুষ্ঠানিকভাবে অভিযোগ জমা দেন। এরপর তদন্ত কমিটি সাক্ষাৎকার, তথ্য যাচাই ও নথি পর্যালোচনা করে তাদের প্রতিবেদন প্রস্তুত করে।

৩১ জানুয়ারি ছিল রিপোর্ট জমা দেওয়ার শেষ দিন। যদিও একদিন দেরিতে ২ ফেব্রুয়ারি তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয় এবং বিসিবি সেটি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে হাইকোর্টও এই বিষয়ে একটি রুল জারি করেছে। সেখানে বলা হয়েছে—জাহানারার অভিযোগ নিয়ে বিসিবি কেন নীরব ছিল এবং বিষয়টি আইনের দৃষ্টিতে অবৈধ হবে না কেন, তা ব্যাখ্যা করতে হবে বোর্ডকে। একই সঙ্গে নারী ক্রিকেটারদের নিরাপত্তা ও অভিযোগ জানানোর নির্ভরযোগ্য ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

তদন্ত রিপোর্ট হাতে পাওয়ায় এখন নজর থাকবে—বিসিবি পরবর্তী পদক্ষেপ কী নেয় এবং এই ঘটনার প্রেক্ষিতে নারী ক্রিকেটের পরিবেশে কী ধরনের পরিবর্তন আসে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ