ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

‘দাদি’ হচ্ছেন শ্রাবন্তী চ্যাটার্জি

২০২৬ জানুয়ারি ১২ ১৫:৫৮:৩৪

‘দাদি’ হচ্ছেন শ্রাবন্তী চ্যাটার্জি

বাস্তব জীবনে তিনি এক সন্তানের মা, পর্দায় বহুবার মায়ের চরিত্রেও দেখা গেছে। তবে এবার একেবারেই নতুন এক রূপে দর্শকের সামনে হাজির হতে চলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। আসন্ন এক ওয়েব সিরিজে প্রথমবারের মতো তিনি অভিনয় করছেন দাদির ভূমিকায়।

জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’ জানিয়েছে, চলতি মাসেই শুরু হচ্ছে এই নতুন সিরিজের শুটিং। পরিচালনার দায়িত্বে রয়েছেন অয়ন চক্রবর্তী। গল্পের প্রেক্ষাপট বাংলার এক বনেদি পরিবারের অন্দরমহল, যেখানে একটি বিয়েকে কেন্দ্র করে ধীরে ধীরে তৈরি হয় জটিল রহস্য।

সেই রহস্যের জট খুলতে এগিয়ে আসেন পরিবারের ঠাকুরমা—এই গুরুত্বপূর্ণ চরিত্রেই দেখা যাবে শ্রাবন্তীকে। ঘোষণা অনুযায়ী, দাদি ও নাতনির যুগলবন্দিই হবে এই সিরিজের অন্যতম আকর্ষণ। যদিও নাতনির চরিত্রে কে থাকছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

তবে টলিপাড়া সূত্রে গুঞ্জন, এই চরিত্রে দেখা যেতে পারে ছোট পর্দার জনপ্রিয় মুখ দিব্যাণী মণ্ডলকে। ‘ফুলকি’ ধারাবাহিকের পর সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে বড় পর্দায় অভিষেক হয়েছে তাঁর, যার শুটিং ইতিমধ্যেই শেষ। এবার ওয়েব সিরিজে তাঁর নতুন ইনিংস শুরু হতে চলেছে।

শ্রাবন্তী ও দিব্যাণীর মুখের মিল নিয়েও চলছে আলোচনা। অনেকের ধারণা, এই সাদৃশ্য পর্দায় দাদি-নাতনির সম্পর্ককে আরও বিশ্বাসযোগ্য ও আবেগঘন করে তুলবে।

নতুন এই চরিত্র নিয়ে উচ্ছ্বসিত শ্রাবন্তী বলেন,“নতুন বছরে একেবারে আলাদা ধরনের গল্পে কাজ করছি। এবার ঠাকুমার চরিত্রে, নাতনির সঙ্গে মিলেই রহস্যের সমাধান করব।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত