ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

একটি ভুলে প্রাণ গেল পুলিশের এসআইসহ ৩ জনের

২০২৫ সেপ্টেম্বর ১৫ ০৮:৪৬:৪৭

একটি ভুলে প্রাণ গেল পুলিশের এসআইসহ ৩ জনের

নড়াইল-যশোর মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)সহ তিনজন নিহত হয়েছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে যশোরের ভাঙুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয়

নিহতরা হলেন—

নড়াইলের লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের এসআই নিক্কন আঢ্য (৩৫), তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার পুকুরিয়া গ্রামের নিশিকান্ত আঢ্যের ছেলে।

যশোর সদরের বসুন্দিয়া এলাকার আক্তার হোসেন, আহমদ আলীর ছেলে।

যশোর শহরতলীর ভেকুটিয়া এলাকার আবু জাফর, আব্দুল মজিদের ছেলে।

কীভাবে ঘটলো দুর্ঘটনা?

তুলারামপুর হাইওয়ে পুলিশ জানায়, ভাঙুড়া বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামে যাত্রীবাহী বাস পেছন দিক থেকে ধাক্কা দেয়। সংঘর্ষে বাসের সামনের গ্লাস ভেঙে ভেতরে ঢুকে পড়ে বাঁশের অগ্রভাগ। এতে ঘটনাস্থলেই মারা যান যাত্রী আক্তার হোসেন।

পরে গুরুতর আহত অবস্থায় আবু জাফর ও এসআই নিক্কন আঢ্যকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে আবু জাফর মারা যান। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে নিক্কন আঢ্যের শারীরিক অবস্থার অবনতি হলে নড়াইল সদর হাসপাতালে ফিরিয়ে আনা হয়। রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

শোকের ছায়া

এসআই নিক্কনের মৃত্যুতে জেলা পুলিশ পরিবার শোকাহত হয়ে পড়ে। নবাগত পুলিশ সুপার মো. রবিউল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে গিয়ে নিহত কর্মকর্তার প্রতি শ্রদ্ধা জানান।

পুলিশের বক্তব্য

তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন,

“দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

সারাদেশ এর অন্যান্য সংবাদ