ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

আম্পায়ারের বাজে সিদ্ধান্তের পর হেলমেটে লাথি মারলেন রকিবুল

২০২২ এপ্রিল ২১ ২২:১৭:২০

আম্পায়ারের বাজে সিদ্ধান্তের পর হেলমেটে লাথি মারলেন রকিবুল

বৃহস্পতিবার আম্পায়ারের বাজে সিদ্ধান্তে মেজাজ হারিয়ে হেলমেটে লাথি দিয়ে আলোচায় ঝড় তুলে দিয়েছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার রকিবুল হাসান। বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে ড্রেসিংরুমে ফেরার পথে এ কাণ্ড ঘটান অভিজ্ঞ ক্রিকেটার রকিবুল।

ঢাকা লিগের সুপার লিগ পর্বের হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হয় লিজেন্ডস অব রূপগঞ্জ আর প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। শিরোপার দৌড়ে থাকা দুই দলের জন্যই ম্যাচটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। এ ম্যাচে আগে ব্যাট করে স্কোর বোর্ডে ১৫২ রান জমা করে প্রাইম ব্যাংক। মামুলি স্কোর তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় মাশরাফি বিন মুর্তজার রূপগঞ্জ।

রান তাড়ায় রূপগঞ্জ ইনিংসের ষষ্ঠ ওভারে ব্যাটিং করছিলেন সাব্বির রহমান ও রকিবুল। প্রাইম ব্যাংকের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের করা ওভারের দ্বিতীয় বলটিতে খেলতে গিয়ে টাইমিংয়ে মিস করেন সাব্বির। তবে সুযোগ পেয়েও বলটি তালুবন্দি করতে পারেননি ফিল্ডার মুমিনুল হক। মিস ফিল্ডিংয়ের সুযোগে দৌড়ে রান নেওয়ার চেষ্টা করেন সাব্বির-রকিবুল জুটি। এতে রান আউটের সুযোগ তৈরি হয়।

স্ট্রাইক প্রান্তে মুমিনুলের থ্রো থেকে যখন প্রাইম ব্যাংকের উইকেটকিপার মোহাম্মদ মিঠুন স্টাম্প ভেঙে দেন, তখন রকিবুল ক্রিজের বাইরে থাকায় তাকে রান আউট ঘোষণা করেন আম্পায়ার। আম্পায়ারের এমন সিদ্ধান্ত পছন্দ হয়নি রকিবুলের। এরপরই সিদ্ধান্তের প্রতিবাদ করেন। রকিবুলের দাবি, মিঠুন স্টাম্প ভাঙার আগেই গ্লাভস ফসকে বল মাটিতে পড়ে গেছে।

পরে এ নিয়ে দুই ফিল্ড আম্পায়ার সৈয়দ মুজাহিদুজ্জামান ও শাফিন শরিফের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান রকিবুল। সঙ্গে যোগ দেন সাব্বির। তবে আম্পায়াররা নিজেদের সিদ্ধান্তে ছিলেন অটল। শেষ পর্যন্ত ৬ বল খেলে ৩ রান করা রকিবুলকে হতাশ হয়েই মাঠ ছাড়তে হয়। ড্রেসিংরুমে ফেরার পথে নিজের হেলমেট খুলে লাথি মেরে ফেলে দেন রকিবুল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ