ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

ফাইনালের আগে আর্জেন্টিনার জন্য বড় দুঃসংবাদ, শাস্তির মুখে বিশ্বচ্যাম্পিয়নরা!

২০২৬ জুলাই ১৬ ১০:২৬:৪৫

ফাইনালের আগে আর্জেন্টিনার জন্য বড় দুঃসংবাদ, শাস্তির মুখে বিশ্বচ্যাম্পিয়নরা!

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে ওঠার পর ফকল্যান্ডস (মালভিনাস) ইস্যুতে রাজনৈতিক বার্তাসংবলিত ব্যানার প্রদর্শনের অভিযোগে ফিফার তদন্ত ও সম্ভাব্য শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা।

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে নাটকীয়ভাবে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। তবে এই ঐতিহাসিক জয়ের আনন্দের মধ্যেই দুঃসংবাদ এসেছে লিওনেল মেসিদের শিবিরে। ফকল্যান্ডস দ্বীপপুঞ্জ (আর্জেন্টিনায় মালভিনাস নামে পরিচিত) নিয়ে রাজনৈতিক বার্তাসংবলিত ব্যানার প্রদর্শনের ঘটনায় ফিফার শাস্তির মুখে পড়তে পারে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচ শেষ হওয়ার পর উদযাপনের সময় আর্জেন্টিনার খেলোয়াড়দের হাতে একটি ব্যানার দেখা যায়। সেখানে স্প্যানিশ ভাষায় লেখা ছিল, ‘Las Malvinas son Argentinas’, যার বাংলা অর্থ ‘মালভিনাস (ফকল্যান্ডস) আর্জেন্টিনার’। এই বার্তাকে ঘিরেই নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

ফকল্যান্ডস দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে বহু দশক ধরে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে বিরোধ চলছে। দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত এই দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে ১৯৮২ সালে দুই দেশের মধ্যে ৭৪ দিনের যুদ্ধ হয়। সেই সংঘাতে শত শত সেনাসদস্য এবং কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হন। এরপর থেকেই বিষয়টি দুই দেশের জন্য অত্যন্ত সংবেদনশীল রাজনৈতিক ইস্যু হিসেবে বিবেচিত হয়ে আসছে।

ফিফার নিয়ম অনুযায়ী, ফুটবল মাঠে বা অফিসিয়াল টুর্নামেন্টে রাজনৈতিক, ধর্মীয় কিংবা বিতর্কিত বার্তা প্রদর্শন নিষিদ্ধ। সে কারণেই আর্জেন্টিনার উদযাপনের এই ব্যানার ফিফার শৃঙ্খলাবিধির আওতায় তদন্তের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগেও একই ধরনের ঘটনায় শাস্তি পেয়েছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। ২০১৪ সালে স্লোভেনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আগে একই বার্তাসংবলিত ব্যানার প্রদর্শনের কারণে ফিফা তাদের ২০ হাজার পাউন্ড জরিমানা করেছিল। তখন সংস্থাটি জানিয়েছিল, ওই ব্যানার রাজনৈতিক বার্তা বহন করায় এটি ফিফার আচরণবিধি লঙ্ঘন করেছে।

সেই নজির বিবেচনায় এবারও আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে ফিফা আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত বা শাস্তির ঘোষণা দেয়নি।

এদিকে সব বিতর্কের মধ্যেও বিশ্বকাপের ফাইনাল নিয়ে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। সম্ভাব্য শাস্তির আলোচনা মাঠের লড়াইয়ে কোনো প্রভাব ফেলে কি না, সেটাই এখন দেখার বিষয়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ