ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

অবসরের সিদ্ধান্ত জানিয় দিলেন রোনালদো

২০২৬ জুলাই ০৬ ২২:২৭:২০

অবসরের সিদ্ধান্ত জানিয় দিলেন রোনালদো

বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি শেষ হওয়ার পথে। পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো আনুষ্ঠানিকভাবে ইঙ্গিত দিয়েছেন, ২০২৬ ফিফা বিশ্বকাপই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। স্পেনের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে এই ঘোষণা দেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা।

৪১ বছর বয়সেও বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করে যাওয়া রোনালদো জানিয়েছেন, জাতীয় দল থেকে কবে বিদায় নেবেন, সেই সিদ্ধান্ত একান্তই তার নিজের। তবে বিশ্বকাপের বিষয়ে তিনি পরিষ্কার করে দিয়েছেন, এই আসরের পর আর বিশ্বকাপে তাকে দেখা যাবে না।

সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, তিনি এখন অবসর নিয়ে ভাবতে চান না। তার সমস্ত মনোযোগ পর্তুগালকে সফল করা এবং দলকে যতদূর সম্ভব এগিয়ে নেওয়ার দিকে। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, বর্তমান বিশ্বকাপই তার শেষ বিশ্বকাপ এবং তিনি চান না স্পেনের বিপক্ষের ম্যাচটিই তার বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকুক।

রোনালদো আরও বলেন, প্রতিটি বিশ্বকাপ তার জন্য বিশেষ, কিন্তু এবার তিনি প্রতিটি মুহূর্ত আরও বেশি উপভোগ করছেন। কারণ, তিনি জানেন এটি তার শেষ বিশ্বকাপ। তাই শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে এবং দলকে সাফল্য এনে দিতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।

কয়েক দিন আগেই রোনালদোর পরিবারের পক্ষ থেকেও জাতীয় দল থেকে তার বিদায়ের সম্ভাবনার কথা উঠে এসেছিল। এবার সেই জল্পনারই কার্যত সত্যতা মিলল রোনালদোর বক্তব্যে। তবে তিনি স্পষ্ট করেছেন, কোনো আবেগ কিংবা বাইরের চাপ নয়, বরং নিজের সময় ও পরিস্থিতি বিবেচনা করেই তিনি অবসরের সিদ্ধান্ত নেবেন।

বিশেষ তাৎপর্যের বিষয় হলো, ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ আয়োজন করবে পর্তুগাল, স্পেন ও মরক্কো যৌথভাবে। সেই সময় রোনালদোর বয়স হবে প্রায় ৪৫ বছর। অনেকে ধারণা করেছিলেন, নিজের দেশের মাটিতে শেষবারের মতো বিশ্বকাপ খেলতে পারেন তিনি। কিন্তু এবার তিনি নিজেই সেই সম্ভাবনার ইতি টানলেন।

রোনালদোর ভাষায়, একদিন না একদিন সবাইকে ফুটবল ছাড়তে হয়। তবে যতদিন খেলবেন, ততদিন নিজের শতভাগ উজাড় করে দেবেন। তিনি বলেন, ফুটবলের প্রতি ভালোবাসাই তাকে এত বছর ধরে সর্বোচ্চ পর্যায়ে খেলতে অনুপ্রাণিত করেছে। সেই ভালোবাসা না থাকলে এত দীর্ঘ সময় ধরে এই পর্যায়ে টিকে থাকা সম্ভব হতো না।

২০২৬ বিশ্বকাপেও নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছেন এই কিংবদন্তি। চার ম্যাচে তিনটি গোল করে তিনি আবারও আলোচনায়। উজবেকিস্তানের বিপক্ষে গোল করে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে গোল করার অনন্য রেকর্ড গড়েছেন। এরপর ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে বিশ্বকাপের নকআউট পর্বে দীর্ঘদিনের গোলখরা কাটিয়েছেন।

এখন তার সামনে নতুন চ্যালেঞ্জ স্পেন। এই প্রতিপক্ষের বিপক্ষে রোনালদোর স্মৃতি বরাবরই উজ্জ্বল। ২০১৮ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে অবিস্মরণীয় হ্যাটট্রিক করেছিলেন তিনি। পরে নেশনস লিগের ফাইনালেও স্পেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ গোল করেন। ফলে বিদায়ের আবহ তৈরি হলেও, আরেকটি স্মরণীয় পারফরম্যান্স উপহার দেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন পর্তুগিজ সুপারস্টার।

বিশ্বকাপের ইতিহাসে রোনালদোর নাম ইতোমধ্যেই স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে। তবে তার ভক্তদের আশা, শেষ বিশ্বকাপের যাত্রা যেন আরও কিছুটা দীর্ঘ হয় এবং পর্তুগালকে নিয়ে তিনি আরও একটি স্মরণীয় অধ্যায় রচনা করতে পারেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

অবসরের সিদ্ধান্ত জানিয় দিলেন রোনালদো

অবসরের সিদ্ধান্ত জানিয় দিলেন রোনালদো

বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি শেষ হওয়ার পথে। পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো আনুষ্ঠানিকভাবে ইঙ্গিত দিয়েছেন, ২০২৬ ফিফা বিশ্বকাপই... বিস্তারিত