ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

অক্টোপাসের উত্তরসূরি, দিল বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী

২০২৬ জুন ০৭ ১৭:০১:০১

অক্টোপাসের উত্তরসূরি, দিল বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী

ফুটবল বিশ্বকাপ এলেই ভবিষ্যদ্বাণী নিয়ে শুরু হয় ভিন্ন ধরনের উন্মাদনা। ২০১০ বিশ্বকাপে জার্মানির বিখ্যাত ‘পল দ্য অক্টোপাস’ একের পর এক সঠিক পূর্বাভাস দিয়ে বিশ্বজুড়ে আলোচনায় এসেছিল। ২০২৬ বিশ্বকাপকে ঘিরেও সেই ঐতিহ্য ফিরে এসেছে, তবে এবার প্রধান চরিত্র কোনো সামুদ্রিক প্রাণী নয়। মেক্সিকোর একটি চিড়িয়াখানার হাতি, গরিলা, পুমা ও জিরাফ এখন বিশ্বকাপের সম্ভাব্য ফলাফল নিয়ে নিজেদের ‘মতামত’ জানাচ্ছে।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার আগে গুয়াদালাহারা চিড়িয়াখানায় আয়োজন করা হয় একটি ব্যতিক্রমী কার্যক্রম। কৃত্রিম ফুটবল মাঠে দুই দেশের পতাকা ও খাবার রাখা হলে হাতি দুটি মেক্সিকোর দিকের ঘাস বেছে নেয়। উপস্থিত দর্শকদের অনেকেই এটিকে মেক্সিকোর জয়ের ইঙ্গিত হিসেবে দেখেছেন।

শুধু হাতিই নয়, ভবিষ্যদ্বাণীর এই খেলায় অংশ নেয় চিড়িয়াখানার আরও কয়েকটি প্রাণী। স্পেন ও উরুগুয়ের ম্যাচ নিয়ে পরীক্ষায় অংশ নেওয়া দুটি গরিলা খাবারভর্তি প্রতীকী জার্সির মধ্যে উরুগুয়ের জার্সি নির্বাচন করে। ফলে তাদের মতে, সেই ম্যাচে এগিয়ে থাকবে উরুগুয়ে।

অন্যদিকে ‘মুলুক’ নামের একটি পুমা চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দক্ষিণ কোরিয়াকে বেছে নেয়। একইভাবে কয়েকটি জিরাফের দল কলম্বিয়ার পরিবর্তে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পক্ষে নিজেদের পছন্দ প্রকাশ করেছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, এই আয়োজনের মূল উদ্দেশ্য শুধুমাত্র দর্শকদের বিনোদন দেওয়া নয়। প্রাণীদের মানসিক ও শারীরিক বিকাশে সহায়তা করার জন্য বিশেষ ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়, যাকে বলা হয় ‘অ্যানিমেল এনরিচমেন্ট’। এতে প্রাণীদের স্বাভাবিক আচরণ ও বিভিন্ন ইন্দ্রিয়ের ব্যবহার বাড়ে, যা তাদের সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ।

বিশ্বকাপের মাঠে খেলোয়াড়রা এখনো নামেনি, কিন্তু প্রাণীদের এই অভিনব ভবিষ্যদ্বাণী ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে। শেষ পর্যন্ত হাতি, গরিলা কিংবা পুমাদের ভবিষ্যদ্বাণী কতটা সত্যি হয়, সেটাই এখন দেখার বিষয়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ