ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিলো আরব আমিরাত

২০২৬ মে ১৮ ০০:০৪:৫০

বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিলো আরব আমিরাত

বাংলাদেশি কর্মীদের জন্য নতুন করে বড় সুখবর দিল সংযুক্ত আরব আমিরাত। দুবাইভিত্তিক একটি ট্যাক্সি কোম্পানি বাংলাদেশ থেকে আরও ৬ হাজার চালক নিয়োগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এরই অংশ হিসেবে রাজধানীর বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে চালক বাছাইয়ের সাক্ষাৎকার শুরু হতে যাচ্ছে।

রোববার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে কোম্পানিটির প্রতিনিধিদল এই তথ্য জানায়। তারা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে কাজ করছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি নাগরিক, যা প্রতিষ্ঠানটির মোট কর্মীর বড় একটি অংশ।

প্রতিনিধিদলের সদস্যরা বলেন, বাংলাদেশি কর্মীদের দক্ষতা, পরিশ্রম, শৃঙ্খলা ও পেশাদার আচরণে তারা অত্যন্ত সন্তুষ্ট। এ কারণেই ভবিষ্যতেও বাংলাদেশ থেকে অগ্রাধিকার ভিত্তিতে কর্মী নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তারা আরও জানান, বর্তমানে দুবাইয়ে বাংলাদেশি নারী চালকেরাও অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। বিশেষ করে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত নারী চালকেরা দক্ষতার পরিচয় দিয়ে প্রশংসা অর্জন করেছেন।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, প্রথম ধাপে প্রায় ১ হাজার ৫০০ চালক নিয়োগের প্রক্রিয়া শুরু হচ্ছে। পরে ধাপে ধাপে মোট ৬ হাজার বাংলাদেশি চালক নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগ কার্যক্রমকে বাংলাদেশের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের বাড়তে থাকা চাহিদা দেশের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই নিয়োগ প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং আরও নতুন খাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

বৈঠকে মন্ত্রী আরব আমিরাতের প্রতিনিধিদের অনুরোধ জানান, দুবাইয়ে প্রশিক্ষণকালীন সময়েও যেন কর্মীদের বেতন-ভাতার ব্যবস্থা রাখা হয়। পাশাপাশি শুধু চালক নয়, বাংলা ভাষাভাষী অন্যান্য দক্ষ কর্মীদের জন্যও চাকরির সুযোগ বাড়ানোর আহ্বান জানান তিনি।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের প্রতি আস্থা বাড়ার ফলে দেশের রেমিট্যান্স প্রবাহও ভবিষ্যতে আরও বৃদ্ধি পেতে পারে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত