ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

বেন পাস্তেরনাকের জীবনে কী ঘটেছিল সেই রাতে

২০২৬ এপ্রিল ২৪ ১৯:৪১:০৩

বেন পাস্তেরনাকের জীবনে কী ঘটেছিল সেই রাতে

অস্ট্রেলিয়ান প্রযুক্তি উদ্যোক্তা Ben Pasternak আবারও আলোচনার কেন্দ্রে, তবে এবার তার উদ্ভাবন বা ব্যবসায়িক সাফল্যের জন্য নয়, বরং গুরুতর আইনি অভিযোগের কারণে। চলতি বছরের ২১ এপ্রিল নিউইয়র্কে তাকে গ্রেপ্তার করা হয়, যেখানে তার বিরুদ্ধে শারীরিক আক্রমণ ও গলা টিপে ধরার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।

এই ঘটনার সূত্রপাত ৩১ মার্চের একটি ব্যক্তিগত বিরোধ থেকে, যা তার সাবেক প্রেমিকা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার Evelyn Ha-এর সঙ্গে সম্পর্কিত বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, ওই দিন তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। যদিও পাস্তেরনাক এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং আদালতে নিজেকে নির্দোষ দাবি করে ‘নট গিল্টি’ আবেদন করেছেন। তার আইনজীবীর পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাটি আত্মরক্ষার প্রেক্ষিতে ঘটেছে। আগামী ১১ জুন তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পাস্তেরনাক প্রযুক্তি দুনিয়ায় পরিচিত নাম। তিনি SIMULATE নামের একটি ফুড টেক কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা, যা উদ্ভিজ্জ খাবার বিশেষ করে NUGGS নামে পরিচিত প্রোডাক্টের জন্য জনপ্রিয়তা পেয়েছে। এছাড়া তিনি ‘Believe’ নামে একটি ক্রিপ্টো প্রজেক্টের সঙ্গেও যুক্ত, যা নিয়ে ইতোমধ্যে বিনিয়োগকারীদের ক্ষতির অভিযোগ উঠে বিতর্ক তৈরি হয়েছে।

তরুণ বয়সেই সাফল্যের দেখা পান পাস্তেরনাক। মাত্র ১৫ বছর বয়সে ‘Impossible Rush’ গেম এবং পরে ‘Monkey’ ভিডিও চ্যাট অ্যাপ তৈরি করে প্রযুক্তি জগতে নিজের অবস্থান তৈরি করেন। তার এই অর্জনের স্বীকৃতি হিসেবে তিনি Time Magazine-এর প্রভাবশালী কিশোরদের তালিকায় স্থান পান এবং পরবর্তীতে Forbes-এর ‘৩০ অনূর্ধ্ব ৩০’ তালিকায়ও অন্তর্ভুক্ত হন।

তবে সাম্প্রতিক এই আইনি জটিলতা তার ক্যারিয়ার ও ভাবমূর্তিতে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন আদালতের সিদ্ধান্তই নির্ধারণ করবে তার ভবিষ্যৎ পথ কোন দিকে মোড় নেবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত