ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

শোবিজ অঙ্গনে শোকের ছায়া :নিজ ফ্ল্যাটে খুন জনপ্রিয় অভিনেত্রী

২০২৬ জানুয়ারি ৩১ ১০:৩৪:৩৯

শোবিজ অঙ্গনে শোকের ছায়া :নিজ ফ্ল্যাটে খুন জনপ্রিয় অভিনেত্রী

সিরিয়ার জনপ্রিয় ও প্রবীণ অভিনেত্রী হুদা শারাউই নিজ বাসভবনে খুন হয়েছেন। রাজধানীর নিজ ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সিরিয়া জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অভিনেত্রীর ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ওইদিন ভোর ৫টা থেকে ৬টার মধ্যে তাঁকে হত্যা করা হয়। এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য নিউ আরব।

সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-ওয়াতানের বরাতে জানা গেছে, ঘটনাটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে অভিনেত্রীর গৃহকর্মীকে চিহ্নিত করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী বিষয়টি তদন্তে নেয় এবং হত্যার প্রকৃত কারণ ও পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখছে। এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হত্যার কারণ জানানো হয়নি।

১৯৩৮ সালে জন্ম নেওয়া হুদা শারাউই মাত্র নয় বছর বয়স থেকেই অভিনয় জগতে যুক্ত হন। তিনি সিরিয়ার রেডিও প্রোগ্রাম, বিশেষ করে ‘দ্য রুল অব জাস্টিস’-এ অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। পরে টেলিভিশন নাটকে অভিনয় করে ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন।

তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘বাব আল হারা’, ‘আহল এল রায়া’, ‘আহলাম আবু এল হানা’, ‘আইয়্যাম শামিয়া’, ‘আইলাত সাবাত নুজুম’ ও ‘কিল্লাত জাওক ওয়া কাথরাত গালাবা’। ষাটের দশকে চলচ্চিত্রে অভিনয় শুরু করলেও মূলত ছোট পর্দার অভিনেত্রী হিসেবেই তিনি তারকা খ্যাতি পান।

দীর্ঘ অভিনয় জীবনে অসামান্য অবদানের জন্য তিনি দুইবার সিরীয় শিল্পী সমিতির সেরা অভিনেত্রীর সম্মাননা অর্জন করেন। জনপ্রিয় এই অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত