ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

ব্রেকিং নিউজ : নিশ্চিত হলো বাংলাদেশের বিশ্বকাপ খেলা

২০২৬ জানুয়ারি ২৮ ১৭:৫৩:৪৩

ব্রেকিং নিউজ : নিশ্চিত হলো বাংলাদেশের বিশ্বকাপ খেলা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলা এখন নিশ্চিত বাংলাদেশের জন্য। বাছাইপর্বে দারুণ পারফরম্যান্সের ধারাবাহিকতায় সুপার সিক্সের দুই ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের টিকিট কেটে ফেলেছে নিগার সুলতানা জ্যোতির দল।

বাছাইপর্বে টানা পাঁচ ম্যাচ জিতে আগেই শক্ত অবস্থানে ছিল টাইগ্রেসরা। আজ নেদারল্যান্ডসের বিপক্ষে যুক্তরাষ্ট্রের পরাজয়ের মাধ্যমে বাংলাদেশের বিশ্বকাপ খেলা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়ে গেল। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে আগে ব্যাটিং করে যুক্তরাষ্ট্র ৭ উইকেটে তোলে ১২৯ রান। জবাবে নেদারল্যান্ডস ১২ ওভারে ২ উইকেটে ৯০ রান করার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। ডিএল মেথডে নেদারল্যান্ডস ২১ রানে জয় পেলে পয়েন্ট টেবিলের হিসাব চূড়ান্ত হয়ে যায়।

এই জয়ের ফলে নেদারল্যান্ডসও ৬ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। সমান পয়েন্ট থাকায় বাংলাদেশেরও বিশ্বকাপ নিশ্চিত হয়ে যায়। ফলে সুপার সিক্সের বাকি দুই ম্যাচ খেলতে নামার আগেই মূল পর্বের টিকিট হাতে পেল লাল-সবুজের প্রতিনিধিরা।

এখন বাছাইপর্ব থেকে বাকি দুইটি জায়গার জন্য লড়াইয়ে এগিয়ে রয়েছে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ড এখনো কোনো পয়েন্ট না পাওয়ায় তাদের বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেছে।

আগামী জুন ও জুলাই মাসে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে লড়াই করতে নামবে আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী ক্রিকেট দল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ