ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ম্যাচ জয়ের পরেই আর্জেন্টিনার জন্য অনেক বড় দুঃসংবাদ

২০২৫ অক্টোবর ১২ ১৪:৫২:০৯

ম্যাচ জয়ের পরেই আর্জেন্টিনার জন্য অনেক বড় দুঃসংবাদ

ভেনেজুয়েলার বিপক্ষে জয় উদযাপনের আনন্দ বেশি সময় স্থায়ী হলো না আর্জেন্টিনার জন্য। হাঁটুর ইনজুরিতে দলের অন্যতম নির্ভরযোগ্য মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ছিটকে গেছেন স্কোয়াড থেকে। ফলে আন্তর্জাতিক বিরতিতে পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচে দেখা যাবে না চেলসি তারকাকে।

মায়ামিতে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে ৭৮ মিনিট মাঠে ছিলেন এনজো। আর্জেন্টিনার ১–০ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও ম্যাচ শেষে হাঁটুর ব্যথা অনুভব করেন তিনি। প্রাথমিক স্ক্যানের পর মেডিকেল টিম নিশ্চিত করেছে—তাকে বিশ্রামে থাকতে হবে অন্তত এক সপ্তাহ।

চলতি মৌসুমে চেলসির হয়ে অসাধারণ পারফর্ম করছেন ২৪ বছর বয়সী এই মিডফিল্ডার। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সাত ম্যাচে করেছেন তিন গোল ও একটি অ্যাসিস্ট। তবে চ্যাম্পিয়নস লিগে এখনও পুরোপুরি ছন্দে ফিরতে পারেননি তিনি।

চোটের কারণে আর্জেন্টিনার জার্সিতে পরবর্তী ম্যাচ মিস করলেও, আন্তর্জাতিক বিরতির পর ক্লাবের হয়ে মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল। চেলসি কোচ এনজো মারেসকার দলে ফার্নান্দেজের প্রত্যাবর্তন হতে পারে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচের আগেই।

এনজোর ইনজুরি নিঃসন্দেহে আর্জেন্টিনার মিডফিল্ডে একটি বড় ধাক্কা। তবে ভালো খবর হলো, তার চোট গুরুতর নয় এবং তিনি দ্রুতই ফিরতে পারেন মাঠে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ